আভাস নিয়ে তুহিনের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • আবার কনসার্টে গান করছেন তানযীর তুহিন।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রথম গান করেছে আভাস।
  • বৈশাখের আগেই আসছে আভাস ব্যান্ডের নতুন গান। 

আবার কনসার্টে গান করছেন তানযীর তুহিন। এবার নতুন ব্যান্ড আভাস নিয়ে গান করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রথম গান করেছে আভাস। ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০১৮’ শিরোনামে অনুষ্ঠানটি আয়োজন করে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি। এর আগে তুহিন জানান, নতুন ব্যান্ড নিয়ে আবার গানে ফিরছেন তিনি। ফেব্রুয়ারি থেকে নিয়মিত কনসার্টে অংশ নেবেন। তৈরি করছেন নতুন গান। বৈশাখের আগেই আভাস ব্যান্ডের নতুন গান শ্রোতাদের উপহার দেওয়ার ইচ্ছা আছে তুহিনের।

গত বছর ১৬ ডিসেম্বর নতুন ব্যান্ডের ঘোষণা দেন তুহিন। সেদিন সকালে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায় নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি, আভাস।’

এরপর প্রথম আলোকে তুহিন বলেন, ‘সবাই জানেন আমি অসুস্থ ছিলাম। হার্টের কিছু সমস্যা হয়েছিল। সম্প্রতি দেশের বাইরে গিয়ে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি। তাঁরা আবার আমাকে গান গাওয়ার অনুমতি দিয়েছেন। এরই মধ্যে আমরা প্র্যাকটিস শুরু করেছি। মগবাজারে সাউন্ড মেশিনে নিয়মিত বসছি। নতুন গান করছি।’

শিরোনামহীনের কিছু গান কনসার্টে গাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তুহিন। জানালেন, এ ব্যাপারে শিরোনামহীনের বাধা দেওয়ার কোনো কারণ নেই। কারণ, ওই গানগুলো শিরোনামহীন অনেক আগেই বাদ দিয়েছে।

আভাস ব্যান্ডের লাইনআপ হলো লিড—সুমন, বেস—রাজু, ড্রামস—রিঙ্কু, কি-বোর্ডস—শাওন, ভোকাল—তুহিন।

গত ৬ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শিরোনামহীন ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন তুহিন। সেদিন তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমি তানযীর তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়।’