আমরা মিলেছি আজ মায়ের ডাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গাইছেন অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গাইছেন অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা

কবিগুরুর স্বদেশ পর্যায়ের গান নিয়ে অভ্যুদয় সংগীত অঙ্গনের আয়োজন ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ শীর্ষক একটি জমজমাট পরিবেশনা অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রামে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যার এ অনুষ্ঠানজুড়ে ছিল মা ও মাটির জয়গান।
শিল্পী অজিত রায় স্মৃতি পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অতিথি ছিলেন চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। কামাল লোহানী বলেন, ‘অজিত রায় এ দেশের একজন গুণী শিল্পী। তাঁর গান আমাদের প্রেরণার উৎস। রবীন্দ্রচর্চা কিংবা সংস্কৃতিচর্চা যত বাড়বে, ততই আমরা অপসংস্কৃতিকে পরাজিত করতে পারব।’
অজিত রায় স্মৃতি পুরস্কার পান নবীন শিল্পী রবীন্দ্রনাথ রায় (অনন্য মান), সমাপ্তি বড়ুয়া (উত্তম মান) ও রাইসা হাসিন চৌধুরী (উত্তম মান)।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অভ্যুদয়ের শিল্পীদের সম্মেলক গান ‘আনন্দধ্বনি জাগাও গগনে’ পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর রবীন্দ্রনাথের দেশ, মা, মাটিবিষয়ক একগুচ্ছ গান নিয়ে চলে আড়াই ঘণ্টার এ আয়োজন।
শৈবালের ‘এবার তোর মরা গাঙ্গে’ কিংবা ইমেলদার ‘বাংলার মাটি বাংলার জল’ গানগুলো প্রাণ ছুঁয়ে যায়। সম্মেলক গান ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘ফিরে চল মাটির টানে’ গানগুলোর পরিবেশনার কথা অনেক দিন মনে থাকবে দর্শক-শ্রোতাদের। কবিগুরুর স্বদেশ পর্যায়ের পরিচিত গানও শোনা যায় অনুষ্ঠানে। যেমন: ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘ও আমার দেশের মাটি’, ‘ছি ছি চোখের জলে’ ইত্যাদি গানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দর্শকেরাও। ‘মা কি তুই পরের দ্বারে’ গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন বনানী দত্ত ও শিল্পী।