আমার ঘরে চারদিকে বাচ্চু ভাইয়ের পোস্টার থাকত
আজকের সংগীতভুবনে আলো ছড়াচ্ছেন, এমন অনেকেরই মনে তরুণ বয়সে সংগীতের বীজ বুনে দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। এই গিটার জাদুকরের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন উত্তরসূরি এক শিল্পী।
ইমন চৌধুরী
১৪-১৫ বছর বয়সে প্রথম যেদিন আইয়ুব বাচ্চুর গিটার শুনি, সেদিনই সিদ্ধান্ত নিই, গিটারিস্টই হব। আমার ঘরে চারদিকে বাচ্চু ভাইয়ের পোস্টার থাকত। শয়নে-স্বপনে শুধু তিনিই ছিলেন। আমার একটা ধারণা ছিল, আইয়ুব বাচ্চু এমন একজন গিটারিস্ট, যাঁর সুর তুলতে পারলেই পৃথিবীর সব গিটারিস্টের সুর তুলতে পারব। তিনি এতই ভার্সেটাইল, পৃথিবীর সব ধরনের মিউজিক ছিল তাঁর দখলে।
আমার গ্রামের বাড়ি নরসিংদী। ১৯৯৮ সালের দিকে সেখানেই প্রথম সরাসরি আইয়ুব বাচ্চুর কনসার্ট দেখি। সরকারি কলেজে মাঠভর্তি শ্রোতা-দর্শক। একটা জায়গা শুধু ফাঁকা। স্টেজের সামনে, কারণ সেখানে বৃষ্টির পানি ও কাদা ছিল। কোথাও জায়গা না পেয়ে ওখানেই এক বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে গেলাম। ওয়াকম্যান নিয়ে কাদায় দাঁড়িয়ে পুরো শো রেকর্ড করেছি। কারণ, বসের বাজানো শোনাটাই ছিল আমার শিক্ষা।
১৯৯৯ সালের দিকে কীভাবে যেন তাঁর নম্বরও জোগাড় করে ফেললাম। আব্বার একটা মোবাইল ছিল। ওটা থেকেই একবার ঈদের দিন ফোন দিই। শুধু ঈদ মোবারক বলে রেখে দিই। এরপর প্রতি ঈদে সকালবেলা ঈদ মোবারক লিখে মেসেজ পাঠাতাম। সেই এসএমএস তিনি ব্যাক করতেন। সেই রিপ্লাইটাই ছিল আমার ঈদ উপহার। সারা দিন বন্ধুদের দেখাতাম, এই দেখ, আইয়ুব বাচ্চু আমারে মেসেজ পাঠাইছে। আমার কাছে তিনিই হিরো। কৈশোরের পুরোটা তিনি দখল করে রেখেছিলেন। দিন-রাত ২৪ ঘণ্টা তাঁকেই শুনতাম।
এ মুহূর্তেও তাঁকে নিয়েই আছি। তাঁর জন্মদিনে ট্রিবিউট করে বাচ্চু ভাইকে নিয়ে একটা ইনস্ট্রুমেন্টাল করছি।