>প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী তানভীর আলম–এর পঞ্চম একক অ্যালবাম মালহার। শ্রোতারা এই শিল্পীকে সজীব নামেই চেনেন। অগ্নিবীণা থেকে প্রকাশিত এই অ্যালবামের গানগুলো লিখেছেন হেদায়েতুল্লাহ আল মামুন, সুর শিল্পীর নিজের। নতুন অ্যালবাম এবং নিজের সংগীতযাত্রা নিয়ে কথা বললেন এই শিল্পী।

কী করে জীবন কাটাচ্ছেন?
অনেক গান শুনছি, চর্চা করছি, শিখছি। নিজের শিক্ষার্থীদের থেকেও শিখি। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি।
আপনার বেশির ভাগ গান একটু নস্টালজিক শোনায়, কেন?
আমি গানের সঙ্গে প্রেম করি। প্রেমিকাকে আমি যেমন দেখতে চাই, তেমন করেই গানটি গাই।
নতুন অ্যালবামটির নাম রাগের নামে কেন?
অ্যালবামের সব থেকে মিষ্টি গানটি মিশ্র মালহার রাগে, সে জন্যই।
মিষ্টি গানটির দুই-একটা লাইন বলবেন?
গভীর মুষল বৃষ্টি হলেই/ স্মৃতির কণা ভিজতে থাকে/ কিশোর বেলার সেই মেয়েটি/ চোখের তারায় ডাকতে থাকে—কথাগুলো এ রকম। অ্যালবামে সবই প্রেমের গান। কিন্তু উপস্থাপনাটা ভিন্ন। অভিমানের কথাগুলোও অন্য রকম করে বলা।
সবাই তো এখন গানের ভিডিও বানায়, আপনার গানগুলোর ভিডিও হবে না?
অবশ্যই হবে। গত বছর লাটিম অ্যালবামের ১৩টি গানের ১১টিরই ভিডিও ছিল। নতুনটির ভিডিও বের হবে, তবে এক মাস পর। আমার এত তাড়াহুড়ো নেই। ঢাকা শহরে বিখ্যাত হতে আসিনি, মানুষকে মিষ্টি কিছু গান শোনাতে এসেছি। সময়টা শুধু শোনার নয়, দেখারও তো? দেখাব।
কী করতে চান, যা এখনো করা হয়নি?
গান করতে করতে মরে যেতে চাই।
মরতে তো একসময় হবেই। জানতে চাইছি, মারা যাওয়ার আগে কী কী করবেন?
অনেক কিছুই করা হয়নি। সেসব বলা যাবে না। লোকে জেনে ফেললে আমার না-করা কাজগুলো নষ্ট করে ফেলবে।
নিজ প্রজন্মের শিল্পীদের সংগীতের পথটা কেমন মনে হয় আপনার?
ভালো, খুব ভালো। টিকে থাকতে গেলে তো কত কিছুই করতে হয়। তাঁদেরও খেতে হয়, পরতে হয়। মন চাইলেই সব সময় পছন্দের ঘরানার মধ্য দিয়ে যাওয়া যায় না।
এখনকার কোনো কোনো শিল্পীর কণ্ঠে কিছু একটার কমতি টের পান?
আমি কেন, শ্রোতারাও টের পান যে কিছু একটা নেই। সেটা হলো চর্চার অভাব। তাঁরা এতই ব্যস্ত যে নিজেকে দেওয়ার মতো সময় নেই। শিল্পীর একটা ব্যতিক্রম জীবন যাপন করতে হয়, চর্চার পাশাপাশি শুনতে হয়। দুই দিন গান করে মাইক্রোফোনের সামনে দাঁড়ালে এসব ফাঁস হয়ে যায়।
সাক্ষাৎকার:রাসেল মাহ্মুদ