আমি ছুঁয়ে দিলেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা জাফর, কনকচাঁপা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ন্যান্‌সি
শাকিলা জাফর, কনকচাঁপা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ন্যান্‌সি

‘আমার সকল সুখে বুবু, তোর অনেক ঋণ/ ওরে বোকা মেয়ে, তুই ছাড়া কি সত্যি হতো এমন সুখের দিন’—গানটি ১৯৮২ সালে একসঙ্গে গেয়েছিলেন দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর করেছেন নকীব খান। সে সময় গানটি বিটিভির ঈদ অনুষ্ঠানে প্রচারিত হয়। পরবর্তী সময়ে এই গানটি আর অডিও মাধ্যমে প্রকাশ পায়নি। দীর্ঘদিন পর নতুন করে গেয়েছেন দুই বোন। এই গান নিয়ে আসছে ঈদে মিশ্র অ্যালবাম আমি ছুঁয়ে দিলেই!
গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় তৈরি নতুন গানের এ মিশ্র অ্যালবামে থাকছে নকীব খানের সুরে আসিফ ইকবালের লেখা সাতটি গান। সঙ্গে তাঁর লেখা মইনুল ইসলাম খানের সুরে দুটো গান! এ অ্যালবামের অন্য গানগুলোয় শোনা যাবে শাকিলা জাফর, কনকচাঁপা আর ন্যান্সির কণ্ঠও।
‘আমার সকল সুখে বুবু’ গানটি ছাড়াও আরেকটি দ্বৈত গান থাকবে এ অ্যালবামে। ‘তুমি বললে পুরোটা রাত্রি’ গেয়েছেন নকীব খান ও শাকিলা জাফর।
অ্যালবামের গীতিকার ও উদ্যোক্তা আসিফ ইকবাল বলেন, ‘আমার শুরুর দিকের লেখা গান থেকে শুরু করে এই সময়ে লেখা গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম। তাই বলা চলে আমার গান লেখার পুরো সময়কে ধারণ করেছে এই অ্যালবাম। স্বপ্ন ছিল নকীব ভাইয়ের সঙ্গে পুরো একটা অ্যালবাম করব।স্বপ্নটা পূরণ হতে চলেছে।’ মীর মাসুম ও পার্থ মজুমদার করেছেন সংগীতায়োজন। আমি ছুঁয়ে দিলেই! শিরোনামের এই অ্যালবামটি আনছে গ্রামীণফোন।শুরুর ছয় মাস গ্রামীণফোনের মিউজিক রেডিওতে গানগুলো শোনা যাবে বলে জানান আসিফ ইকবাল।