আমি থেকে আমরায় রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান যেখানে ১০১টি, শিল্পীদের সমাবেশ​ তো বড় হবেই। এক ফ্রেমে সবাই​ স্পষ্ট না হলেও, মঞ্চে ছিল তাঁদের উজ্জ্বল উপস্থিতি lছবি: প্রথম আলো
গান যেখানে ১০১টি, শিল্পীদের সমাবেশ​ তো বড় হবেই। এক ফ্রেমে সবাই​ স্পষ্ট না হলেও, মঞ্চে ছিল তাঁদের উজ্জ্বল উপস্থিতি lছবি: প্রথম আলো

গান শুনতে গেলে কেউ যদি হাতে তুলো ধরিয়ে দেয় কেমন লাগবে? গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ঢুকতে সেটাই হলো। হোমিওপ্যাথিক ওষুধের ছোট্ট বোতলে করে ধরিয়ে দেওয়া হলো তুলো! নির্ঝরের গান শুনতে মিলনায়তনে ঢুকতেই ঝুলতে দেখা গেল ডাক্তারের চেম্বারের রেড ক্রস চিহ্নিত পর্দা। সংগীতশিল্পের মুমূর্ষু হাল ফুটিয়ে তোলা হয়েছে যেন।
মিলনায়তনের ভেতরে একটি কুয়া, সেটার ভেতর থেকে একজন বেরিয়ে এসে সংলাপ আওড়াতে শুরু করলেন। তাঁর স্বপ্ন—তিনি গায়ক হবেন। অথচ চারপাশের সমাজবাস্তবতা তা হতে দিচ্ছে না। চাপে পড়ে বরং তাঁর ভেতরের মানুষটি হয়ে পড়ছে অসুস্থ।

এক নির্ঝর বলছিলেন তাঁর ১০১টি গানের কথা
এক নির্ঝর বলছিলেন তাঁর ১০১টি গানের কথা

এ ছিল এনামুল করিম নির্ঝরের লেখা একটি আলেখ্য। মোস্তাফিজ শাহিনের পরিচালনায় তাতে অভিনয় করলেন এ কে আজাদ সেতু। আলেখ্যটির সঙ্গে সংগতি রেখে অভিনয়ের ফাঁকে ফাঁকে বড় পর্দায় দেখানো হলো কয়েকটি গানের ভিডিও। গান শেষে র্যা ম্পের ওপর ক্যাটওয়াক করে গেলেন শিল্পী।
ব্যতিক্রম এ আয়োজন নিয়ে গীতিকার নির্ঝর জানালেন, এক নির্ঝরের গান-এর দর্শন হচ্ছে ‘আমি থেকে আমরায় রূপান্তর’। এটা হবে বিভিন্ন পেশা, বয়স ও মানসিকতার মানুষের বোঝাপড়ার অভিযান। এক অ্যালবামে ১০১টি গান বাজারে ছেড়েছে গানশালা। এই গানগুলো গেয়েছেন বিভিন্ন প্রজন্মের ৪২ জন শিল্পী।

গায়ক হওয়ার স্বপ্ন এক তরুণের। সেই চরিত্রেই অভিনয় করছেন সেতু
গায়ক হওয়ার স্বপ্ন এক তরুণের। সেই চরিত্রেই অভিনয় করছেন সেতু

অনুষ্ঠানের শুরুর দিকে দেখানো হয় মৈত্রী ইসলামের ‘মা ছাড়া প্রথম জন্মদিন’, লিমনের ‘যেহেতু সরাসরি পারবো না’, কোনালের ‘ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া’ এবং লাবিক কামাল গৌরবের ‘মনের ওজন বড্ড ভারী লাগে’ গানগুলো।
মঞ্চে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে কথা বলার আমন্ত্রণ জানানো হয়। তিনি বললেন, ‘ওই বোতলে শিল্পীদের দুঃখ-বেদনা ভরা আছে। গান শুনতে ভালো না লাগলে বোতলবন্দী তুলোগুলো কানে গুঁজে রাখা যাবে।’ এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘এত কিছু দেখব ভাবিনি। গানশিল্পে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে, কঠিন সময় যাচ্ছে। এর ভেতর আমাদের তরুণ বন্ধু নির্ঝর আরেকটা পাগলামি করলেন। ভালো গান রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিতে পারে। তাই এসব পাগলামির সঙ্গে আমরা ঐকমত্য পোষণ করছি।’