আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড পেলেন যারা
আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০–এর সেরা শিল্পী হলেন মৌটুসী ও সাব্বির জামান। বাংলা সংগীতে স্মরণীয় অবদান রাখার জন্য গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারকে আজীবন সম্মাননা দেওয়া হয়। গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। এ অনুষ্ঠানে সংগীতের ১০টি শাখায় দেওয়া হয় পুরস্কার।
গত বছর আরটিভিতে প্রচারিত গানগুলো থেকে পুরস্কারের জন্য শিল্পী নির্বাচন করেন বিচারকেরা। নারী ও পুরুষ দুই শাখায় সেরা কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন মৌটুসী ও সাব্বির জামান। লোকসংগীতে নারী ও পুরুষ শাখায় সেরা শিল্পী সালমা ও শফি মণ্ডল, সেরা গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, সেরা সংগীতজ্ঞ সুনীলচন্দ্র দাস, সেরা সংগীত পরিচালক শওকত আলী ইমন, সেরা প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পী প্রতীক হাসান ও সেরা ব্যান্ড ধ্রুবতারা। সেরা ইউটিউব ভিডিওর পুরস্কার পেয়েছে ‘সখী গো আমার মন ভালো না’। গানটির সংগীত পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন জে কে মজলিস, কণ্ঠশিল্পী হিসেবে লায়লা এবং নির্মাতা নূর হোসেন হীরা।
অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারকে উত্তরীয় পরিয়ে দেন আরটিভির চেয়ারম্যান সাংসদ মোরশেদ আলম, সম্মাননা স্মারক তুলে দেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েন আহমেদ পলক প্রমুখ। আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে গাজী মাজহারুল আনোয়ার বলেন, দোয়া করবেন আমার কলমকে যেন সজাগ রাখতে পারি।
সম্মানিত অতিথিরা ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের তিন বিচারক কণ্ঠশিল্পী মো. খুরশিদ আলম, ইয়াসমিন মুশতারী, ফোয়াদ নাসের বাবু প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে মাইলস, শওকত আলী ইমনের পরিচালনায় ছিল সিম্ফনি ক্ল্যাসিক্যাল অর্কেস্ট্রার পরিবেশনা, ইমন চৌধুরী ও তাঁর দলের ইনস্ট্রুমেন্টাল মিউজিক, হাসান এস ইকবাল ও দৃষ্টি আনামের ম্যাশআপ। সুজন আহমেদের গ্রন্থনা ও পরিচালনায় দেখানো হয় গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে একটি তথ্যচিত্র।