আর ডি বর্মনকে নিয়ে গুগলের ডুডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ডুডলে আরডি বর্মন
গুগল ডুডলে আরডি বর্মন

গুগল ডুডলে দেখা যাচ্ছে আর ডি বর্মনের ছবি। বলিউডের বিখ্যাত এই সংগীত পরিচালকের ৭৭তম জন্মবার্ষিকীকে এভাবেই স্মরণীয় করে রাখল গুগল কর্তৃপক্ষ।
১৯৩৯ সালের এই দিনে বিখ্যাত গায়ক শচীন দেববর্মন এবং মীরার ঘরে কলকাতায় এই সংগীতজ্ঞ জন্মগ্রহণ করেন। নাম রাহুল দেববর্মন হলেও বলিউডে তিনি সবার প্রিয় পঞ্চমদা। ডিসকো ও জ্যাজের সমন্বয়ে বলিউডে তিনি এক নতুন ধারার সংগীত প্রচলন করেন।
আর ডি বর্মন প্রথমে তাঁর বাবা এস ডি বর্মনের সঙ্গে ‘গাইড’ চলচ্চিত্রের সংগীত পরিচালনায় সহযোগী হিসেবে কাজ করেন। ১৯৬১ সালের ‘ছোটে নবাব’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে তাঁর জাত চেনাতে শুরু করেন। ১৯৬৬ সালে শাম্মী কাপুর ও আশা পারেখের অভিনয়ে ‘তিসরি মানজিল’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময়কার উঠতি বিখ্যাত তারকা রাজেশ খান্নার পর্দায় ঠোঁট মেলানো প্রায় সব গানেরই সুরকার ছিলেন রাহুল দেববর্মন।
আর ডি বর্মনের বেশির ভাগ গানেই কণ্ঠ দিয়েছেন তাঁর স্ত্রী আশা ভোসলে ও কিশোর কুমার। ‘ইয়ে শাম মাস্তানি’, ‘ইয়ে জো মোহাব্বাত হ্যায়’, ‘চুরা​ লিয়া হ্যায় তুমনে’, ‘মেরে সামনে ওয়ালি খিড়কি মে’, ‘মুসাফির হু ইয়ারো’, ‘দম মারো দম’সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা তিনি।
রাহুল দেববর্মন ১৯৯৪ সালের ৪ জানুয়ারি ৫৪ বছর বয়সে মারা যান। তাঁর শেষ সংগীত পরিচালনা ছিল ভিদু ভিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ চলচ্চিত্রের, যা তাঁর মৃত্যুর পরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতে।