আলাউদ্দীন আলীর অনুরোধে গাইলেন আলমগীর
সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর অনুরোধে গান গাইলেন চিত্রনায়ক আলমগীর। গতকাল শনিবার দুপুরে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে গাইতে দেখা যায়।
গতকালের অনুষ্ঠানটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের উদ্যোগে গঠিত ‘শিল্পীর পাশের ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পাঁচতারকা হোটেলের সেই অনুষ্ঠানে তিনজন অসুস্থ গুণী শিল্পীর হাতে মোট সত্তর লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হয়। তাঁরা হলে লাকী আখান্দ্, আলাউদ্দীন আলী ও শাম্মী আখতার।
অনুষ্ঠানের একদম শেষ দিকে ছিল আলাউদ্দীন আলীর পরিবেশনা। মঞ্চে গাইবার একপর্যায়ে গুণী এই সংগীতপরিচালক মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করেন তাঁর সঙ্গে কাজ করা বেশ কয়েকজন শিল্পীকে। অনুরোধ করেন চিত্রনায়ক আলমগীরকেও। আলাউদ্দীন আলীর অনুরোধে নায়ক আলমগীর গাইলেন সৈয়দ আবদুল হাদীর গাওয়া কালজয়ী গান ‘আছেন আমার মোক্তার/ আছেন আমার বারিস্টার’। সৈয়দ শামসুল হকের লেখা ও আলাউদ্দীন আলীর সুর-সংগীতে এই গানটি গতকাল আলমগীর যখন গাইছিলেন, তখন মিলনায়তনে উপস্থিত অন্য শিল্পী ও আগত অতিথিরা করতালি দিয়ে অভিনন্দিত করেন।
আলমগীরের সঙ্গে গানটি আরও গেয়েছেন লীনু বিল্লাহ, কনকচাঁপা, শম্পা রেজা, সামিনা চৌধুরী ও আলাউদ্দীন আলীর স্ত্রী রাজকন্যা মিমি।