আলিফ লায়লা আবারও ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিফ লায়লা ঢাকার মেয়ে। নিজের দেশে বেড়াতে এলেই সেতার শুনিয়ে যান তিনি। আজও তিনি সেতার বাজাবেন। আজ বিকেলে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর প্রধান মিলনায়তনে তাঁর হাতে সেতারের তারে বেজে উঠবে নানান রাগ।
শাস্ত্রীয় সংগীতের এই আয়োজন করেছে আইইউবি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সেতারপ্রেমী সবাইকেই আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিকেল ৫টায় থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এই বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলিফ লায়লার সঙ্গে তবলা বাজাবেন শিল্পী রূপক ভট্টাচার্য।
যুক্তরাষ্ট্রপ্রবাসী আলিফ লায়লা নজরুল একাডেমিতে ওস্তাদ কাশেম খাঁর তত্ত্বাবধানে সেতারে তালিম নিতে শুরু করেছিলেন। পরে যুক্তরাষ্ট্রে পার্থ চ্যাটার্জি ও কৃষ্ণ ভাটকে গুরু হিসেবে পান। বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানসহ বিশ্বের বিভিন্ন দেশে সেতার বাজিয়ে সুনাম অর্জন করেছেন এই শিল্পী।