আলী জ্যাকোর 'ওয়ার্কিং ম্যান'

কিকবক্সার থেকে পাশ্চাত্য সংগীতে নাম লেখানো আলী জ্যাকো আবারও হাজির হয়েছেন তাঁর নতুন গান নিয়ে। নতুন গান ‘ওয়ার্কিং ম্যান’ মুক্তি পাচ্ছে মঙ্গলবার। এটি জ্যাকোর তৃতীয় একক গান। একই সঙ্গে অবমুক্ত হচ্ছে গানটির অডিও ও ভিডিও।
সিলেটের ছাতকে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক আলী জ্যাকো বলেন, ‘আগের দুটি গান থেকে আমার এই গানটি পুরোপুরি আলাদা। বেশ জমজমাট একটা গান। আশা করি গানের কথা, সুর ও ভিডিও চিত্র সবার ভালো লাগবে।’ গানটির ভিডিও চিত্রে বিভিন্ন শ্রম ও পেশাজীবী মানুষকে দেখা যাবে। লন্ডনের বিভিন্ন এলাকায় গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির কথা লিখেছেন জ্যাকো নিজেই, সুর করেছেন যুক্তরাষ্ট্রের সংগীত পরিচালক দ্য ইয়শম্যান। অনলাইনে ইউটিউব, আইটিউন, অ্যামাজন, স্পোর্টিফাইসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া যাবে গানটি। এটি প্রকাশিত হচ্ছে জ্যাকোর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিএ মিউজিক থেকে।
গত বছরের নভেম্বরে ‘গিভ মাই লাভ আ ব্র্যান্ড নিউ নেম’ দিয়ে আলী জ্যাকো সংগীতজগতে প্রবেশ করেন। এরপর গত ১৯ জুন বাবা দিবসে মুক্তি পায় তাঁর দ্বিতীয় একক গান ‘ইউ আর দ্য রিজন’।