আশার মনজুড়ে ৬৬ বছর আগের কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশা ভোঁসলের হাতে সম্মাননা তুলে দেন শর্মিলা ঠাকুর। ছবি: ভাস্কর মুখার্জি
আশা ভোঁসলের হাতে সম্মাননা তুলে দেন শর্মিলা ঠাকুর। ছবি: ভাস্কর মুখার্জি

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলে বলেছেন, ‘১৯৫২ সালে প্রথম কলকাতায় আসি। সেদিন যে কলকাতাকে দেখেছিলাম, ৬৬ বছর পর একইভাবে দেখছি। কলকাতাকে দেখার স্মৃতি, কলকাতাকে ভালোবাসার স্মৃতি এতটুকু মলিন হয়নি। কলকাতা অনেক বদলে গেছে, সুন্দর হয়েছে। কিন্তু কলকাতার প্রতি আমার ভালোবাসার টানে এতটুকু ঘাটতি হয়নি। এখনো আমার চোখে ভেসে বেড়ায় ৬৬ বছর আগের সেই কলকাতা, সেদিনের সেই স্মৃতি।’ গতকাল রোববার সন্ধ্যায় কলকাতার বিজ্ঞান নগরীর মিলনায়তনে পিসি চন্দ্র গ্রুপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

কলকাতার প্রখ্যাত জুয়েলারি সংস্থা পিসি চন্দ্র গ্রুপ সমাজে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর বিশিষ্টজনকে ‘পিসি চন্দ্র স্মারক ও আর্থিক পুরস্কার’ দিচ্ছে। এবার ‘২৬তম পিসি চন্দ্র পুরস্কার’ তুলে দেওয়া হয় আশা ভোসলের হাতে। সংগীতে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন আরেক প্রথিতযশা বলিউড তারকা শর্মিলা ঠাকুর। ১৯৯৩ সাল থেকে পিসি চন্দ্র গ্রুপ এই পুরস্কার দিচ্ছে। এবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টালিউডের তারকাসহ উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনেরা। ছিলেন পিসি চন্দ্র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে চন্দ্রসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে আশা ভোসলে বলেন, ‘কলকাতার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক। আর এই কলকাতা আর বাঙালিদের প্রতি আমার শ্রদ্ধা জাগা শুরু হয় প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়ে। ১৯৫২ সালে প্রথম আসি কলকাতায় গান গাইতে। সেদিন আমি কলকাতাকে যেভাবে ভালোবেসেছি, এখনো সেভাবে ভালোবাসি। কলকাতা অনেক পাল্টে গেছে। কিন্তু কলকাতার প্রতি আমার ভালোবাসা পাল্টায়নি। এখনো দেখছি সেই কলকাতাকে, আমার মনের আয়না দিয়ে।’ পরে তিনি মারাঠি ভাষায় একটি ধ্রুপদি ঘরানার গানের দুই লাইন গেয়ে শোনান।

অনুষ্ঠানে ‘কাশ্মীর কি কলি’ ছবির শুটিংয়ের কথা স্মরণ করে শর্মিলা ঠাকুর বলেন, ‘ওই ছবিতে আমার প্রথম নেপথ্য সংগীত গেয়েছিলেন এই প্রখ্যাত শিল্পী আশা ভোসলে। সেই থেকে আমার হৃদয়ে একটা বিরাট ভালোবাসার জায়গা দখল করে আছেন তিনি। আজ তাঁকে আমি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

৮৪ বছর বয়সী আশা ভোসলে ১৯৮০ সালে বিয়ে করেন বাঙালি সংগীত পরিচালক ও শিল্পী আর ডি বর্মনকে।