আসছে কর্নিয়ার দ্বিতীয় মিউজিক ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্নিয়া
কর্নিয়া

এ বছর মুক্তি পেয়েছে সংগীতশিল্পী কর্নিয়ার মিক্সড অ্যালবাম ‘বাংলার ঢোল’। এই অ্যালবামের অনুরূপ আইচের লেখা ‘শুভ নববর্ষ’ গানটি নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে কর্নিয়ার দ্বিতীয় মিউজিক ভিডিও।
এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিল সংগীতশিল্পী কর্নিয়ার প্রথম মিউজিক ভিডিওটি। প্রচার শুরুর পর ‘হিরো’ শিরোনামের ওই মিউজিক ভিডিওটি সমালোচনার মুখে পড়েছিল। সেসময় মিউজিক ভিডিওর গানটির সুর তামিল একটি গানের নকল বলে এ গানের সংগীতকার আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগও উঠেছিল। মিউজিক ভিডিওটির সংগীতশিল্পী কর্নিয়াও এর কারণে বিব্রতকর অবস্থায় পড়েন। অবশ্য বিষয়টি কাটিয়ে উঠতে নতুন আরেকটি গানের মিউজিক ভিডিও তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন ‘পাওয়ার ভয়েজ’খ্যাত এই সংগীতশিল্পী। এবার আসছে তাঁর দ্বিতীয় মিউজিক ভিডিওটি।
আরফিন রুমির সুর ও সংগীতের এই গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি কর্নিয়া নিজেই এই মিউজিক ভিডিওটির মডেল হয়েছেন।
এবারের মিউজিক ভিডিওটি নিয়ে কর্নিয়া বেশ আনন্দিত। তিনি বলেছেন, ‘বেশ সময় নিয়েই মিউজিক ভিডিওটি করা হয়েছে। গানের কথার সঙ্গে লোকেশনের বৈচিত্র্য তুলে আনা হয়েছে। দর্শকের ভালো লাগবে।’
কর্নিয়া এও জানিয়েছেন, আগামী বছর জানুয়ারির মাসের যেকোনো দিন মিউজিক ভিডিওটির মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।
এদিকে, এবারই প্রথম দেশের বাইরে গান গাইতে যাচ্ছেন কর্নিয়া। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।