আসছে ফুয়াদের হিট ফ্যাক্টরি

বাংলাদেশের সংগীতাঙ্গনের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট গান তিনি উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে গানের একটি নতুন ধারার সঙ্গেও পরিচয় করিয়েছেন তিনি। বছর সাতেক আগে প্রকাশিত হয়েছিল ‘ক্রমান্বয়’ নামের একটি অ্যালবামও। এরপর বিচ্ছিন্নভাবে অনেকের জন্যই ফুয়াদ গান করেছেন কিন্তু নিজের গান নিয়ে কোনো অ্যালবাম প্রকাশ করেননি। ফুয়াদ–ভক্তদের জন্য সুখবরই বলা চলে। খুব শিগগির আসছে তাঁর নতুন গানের অ্যালবাম। নাম ‘হিট ফ্যাক্টরি’।
‘হিট ফ্যাক্টরি’ অ্যালবামে মোট গান থাকছে ১৩টি। এতে ফুয়াদের সঙ্গে গেয়েছেন আরও নয়জন গায়ক-গায়িকা। এঁরা হলেন উপল, আনিলা, মৌরি, নাজিয়া, টি জে, শুভ, জোহাদ, সুমী (লালন) ও আরফিন রুমি।
সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি অ্যালবামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন ফুয়াদ। গান দুটির শিরোনাম ‘একটাই আমার তুমি’ এবং ‘সুন্দরী পরী’। শেষের গানটি ফুয়াদ উৎসর্গ করেছেন তাঁর স্ত্রী মায়া আল মুক্তদিরকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে মায়া অন্যতম একটি অনুপ্রেরণার নাম। অ্যালবামটির কাজ করার সময় তার উৎসাহ এবং অনুপ্রেরণা আমাকে নানাভাবে সাহস জুগিয়েছে। সত্যি কথা বলতে, মায়া আমার সকল কাজের জন্য অন্যতম অনুপ্রেরণার উৎস।’
ফুয়াদ বললেন, ‘গত পাঁচ বছরে আমি অনেকগুলো গান তৈরি করেছি। আর গানগুলো নিজেদের তাগিদ থেকেই করেছি। সেখান থেকে বাছাইকৃত ১৩টি গান নিয়ে হিট ফ্যাক্টরি অ্যালবামটি সাজানো হয়েছে। এই অ্যালবামের বেশ কয়েকটি গান অবশ্য রেডিওতে ধাপে ধাপে প্রকাশ করেছি। গানগুলো শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন।’