আসছে বাপ্পার 'বেঁধেছি আমার প্রাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

প্রথমবারের মতো রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে আসছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। অ্যালবামটির নাম ‘বেঁধেছি আমার প্রাণ’।
‘বেঁধেছি আমার প্রাণ’ অ্যালবামটি প্রকাশ করছে জিরোনা বাংলাদেশ। এতে রবীন্দ্রনাথের আটটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। গানগুলোর শিরোনাম ‘আমার পরান যাহা চায়’, ‘আমি চিনি গো চিনি’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘ভালোবেসে সখী’, ‘এমন দিনে তারে বলা যায়’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি’, ‘পুরোনো সেই দিনের কথা’ এবং ‘মনে কী দ্বিধা’। নতুন করে গানগুলোর সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘বেঁধেছি আমার প্রাণ’ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। এতে বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব শংকর সাঁওজাল, সংগীত পরিচালক পার্থ মজুমদার, জিরোনা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ও এমকে গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, জিরোনা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শুভজিৎ রায়, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জারা জেবিন মাহবুব প্রমুখ।
বাপ্পা মজুমদার বলেন, ‘বিভিন্ন সময় অনেক শিল্পীর রবীন্দ্রসংগীতের সংগীতায়োজন করেছি। আমার নিজেরও অনেক দিনের ইচ্ছা ছিল, রবীন্দ্রনাথের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম বের করার। এবার সেটা করতে পেরে খুব ভালো লাগছে। চেষ্টা করেছি, মূল সুরের সঙ্গে সংগতি রেখে গানগুলো গাওয়ার। সংগীতায়োজনও করেছি খুব যত্ন নিয়ে। বাকিটা শ্রোতারা শুনেই বিচার করবেন।’

বাপ্পা আরও বলেন, ‘আমার মায়েরও খুব ইচ্ছা ছিল আমি যেন রবীন্দ্রসংগীতের অ্যালবাম করি। উনি বেঁচে থাকলে অনেক খুশি হতেন। অ্যালবামটি আমি বাবা-মা দুজনকে উৎসর্গ করছি।’
‘বেঁধেছি আমার প্রাণ’ অ্যালবামের গানগুলো পাওয়া যাবে বিশ্বের ২৫০টি দেশের ৭৫০টি পোর্টালে। এ ছাড়া বাংলাদেশে রকমারি ডটকম এবং দেশালের সবগুলো শোরুমে অ্যালবামটি পাওয়া যাবে।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই জিরোনা বাংলাদেশ থেকে প্রকাশিত হয় বাপ্পা মজুমদারের দশম একক অ্যালবাম ‘জানি না কোন মন্তরে’। এরপর কলকাতা থেকেও অ্যালবামটি প্রকাশিত হয়।