আসাম মাতিয়ে এল বহ্নিশিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে সমবেত গান পরিবেশন করছে ‘বহ্নিশিখা’র শিল্পীরা। ছবি: সংগৃহীত
ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে সমবেত গান পরিবেশন করছে ‘বহ্নিশিখা’র শিল্পীরা। ছবি: সংগৃহীত

আসাম মাতিয়ে ঢাকা ফিরল সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গুয়াহাটির ব্যতিক্রম মাসডো সাংস্কৃতিক মঞ্চের আয়োজনে ১৮ থেকে ২১ জুন পর্যন্ত আসামের হাফলং, হোজাই এবং লামডিংয়ে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে অংশ নেয় ‘বহ্নিশিখা’।
বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলোকে জানান, বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে এসব এলাকায় এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো শিল্পী বা সাংস্কৃতিক সংগঠন অংশ নেয। বহ্নিশিখা মুক্তিযুদ্ধের গান, ভাষার গান, পঞ্চকবির গান, লালন-হাসন-শাহ আবদুল করিম-আরকুম শাহর গান, লোকসংগীত, ধামাইল গানসহ বিভিন্ন ধরনের ২৫টি গান পরিবেশন করে। স্থানীয় দর্শকেরা বাংলাদেশের শিল্পীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
চার দিনের আয়োজনে বিভিন্ন সময়ে আলোচনা পর্বে অংশ নেন আসামের বিধায়ক শিলাদিত্য দেব, শিবু মিশ্র, গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী মুনতাসীর মোরশেদ, ব্যতিক্রম মাসডোর সভাপতি সৌমেন ভারতীয়া এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বহ্নিশিখার সভাপতি গোলাম কুদ্দুছ।
সংগীতশিল্পী আবিদা রহমানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ঊর্মি হালদার, শাহিদা রহমান, সুনয়না সিদ্দিকী, ঝর্ণা বিশ্বাস, সালাহউদ্দীন সোহাগ, আসিফ ইকবাল, অমিতেশ দাস, হাসীন ওয়াসী, জাহিদুল ইসলাম, তুলসী সাহা, মাহবুবুল আলম ও তারেক আলী।
বহ্নিশিখার এই কর্মসূচিতে সহযোগিতা করে সংস্কৃতি মন্ত্রণালয়।