আসিফ এবার মডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

সংগীতশিল্পী হিসেবে নন, এবার গানের মডেল হিসেবে অভিনয় করছেন আসিফ আকবর। শিল্পী ধ্রুব গুহের ‘একলা পাখি’ গানের ভিডিওতে একজন মডেল হিসেবেই দেখা যাবে আসিফকে। বান্দরবানের পাহাড়ি লোকেশনে গানটির শুটিং হয়েছে।

এবারই প্রথম কোনো গানের ভিডিওতে মডেল হলেন আসিফ। বান্দরবানের শুটিং লোকেশন থেকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি এর আগে এ ধরনের কাজ করিনি। ধ্রুব গুহ আমার বন্ধুর মতো। এ সময়ে গান নিয়ে ভালো কাজ করছেন। তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থেকেই গানের মডেল হয়েছি।’

ধ্রুব গুহ বলেন, ‘গানটির নারী মডেল পাওয়া গেলেও পুরুষ মডেল নিয়ে সমস্যা হয়। বিষয়টি আসিফ জানার পর নিজেই কাজটি করার জন্য এগিয়ে এলেন।’

গানের ভিডিওতে আসিফের সঙ্গে আছেন মিথিলা। ২০১৪ সালের ভিট-চ্যানেল আই প্রতিযোগিতার বিজয়ী তিনি।

‘একলা পাখি’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে আছেন তারিক। গানটির ভিডিও নির্মাতা শুভব্রত সরকার জানান, আগামী ঈদে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।