আসিফ-হাবিব একসঙ্গে?

একসঙ্গে এভাবে লম্বা সময় আড্ডা দেওয়া হয়নি আসিফ আকবর ও হাবিব ওয়াহিদের। তাই দীর্ঘ সময় পর এই দুই শিল্পীকে পাওয়া গেল এক আসরে।
গত বুধবার দুপুরে আসিফ ও হাবিবকে দেখা যায় রাজধানীর একটি রেস্তোরাঁয়। তাঁরা সেখানে এক হয়েছিলেন তাঁদের নতুন গানের সাফল্য উদ্যাপনে। আসিফের ‘আগুন’ ও হাবিবের ‘মিথ্যে নয়’ গান দুটি মুক্তি পায় ধ্রুব মিউজিক স্টেশন নামের একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। মূলত সেই প্রতিষ্ঠানের আয়োজনেই তাঁদের এই একসঙ্গে বসা। আসিফ আকবরের ‘আগুন’ গানটি মুক্তির পাঁচ দিনের মাথায় ইউটিউবে ১০ লাখবার দেখা হয়েছে। আর হাবিবের ‘মিথ্যে নয়’ গানটি দেড় সপ্তাহে দেখা হয়েছে প্রায় ১৫ লাখবার। আড্ডার উপলক্ষ ছিল এটাই।
আড্ডার এক ফাঁকে হাবিবের সুরে একটি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আসিফ। সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান হাবিব। বলেন, ‘আসিফ ভাইয়ের জন্য গান তৈরির শখ আমারও অনেক দিনের।’
হাবিবের কথা শেষ না হতেই আসিফ বলে উঠলেন, ‘বাংলাদেশের গানের বাজারে একটা নতুন ধারা তৈরি করেছে হাবিব। তার মিউজিক অসাধারণ।’
আসিফের নতুন গান ‘আগুন’-এর কথা উল্লেখ করে হাবিব বলেন, ‘এত কম সময়ে ইউটিউবে গানটি সাড়া ফেলেছে। গানটি আমিও দেখেছি। মাইন্ড ব্লোয়িং।’ আসিফও হাবিবের নতুন গান ‘মিথ্যে নয়’-এর সাফল্যকে স্বাগত জানান। বলেন, ‘হাবিবের সাউন্ড যেমন আলাদা, তার গায়কীও আলাদা।’
আড্ডার শেষে এসে নিজেদের নতুন গান দুটির সাফল্যের জন্য ফুলের তোড়া দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান দুজন। এরপর সেই রেস্তোরাঁয় বসেই আসিফ ও হাবিব ফেসবুক লাইভের মাধ্যমে তাঁদের ভক্তদের আড্ডায় যুক্ত করেন। তাঁদের সঙ্গে সেই আড্ডায় উপস্থিত ছিলেন ‘আগুন’ গানটির সুরকার ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ।