আসিফের এক ঢিলে দুই পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

ঢাকায় নাকি হাঁপিয়ে উঠেছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। তাই কয়েকটা দিন নিজের মতো করে দূরে কোথাও থেকে ঘুরে আসতে চেয়েছিলেন তিনি। তা যেন প্রকৃতির কাছাকাছি কোথাও হয়। সে হিসাবে আসিফের পছন্দ রাঙামাটি। এ যাত্রায় আসিফের সঙ্গী তাঁর স্কুল ও কলেজবন্ধুরা। রাঙামাটিতে বেড়ানো শেষে একটি গানের ভিডিওর শুটিংও করেছেন আসিফ। ‘ঈর্ষাৎ’ শিরোনামের এই গানটি আসিফের এক ফোঁটা অশ্রু অ্যালবামের।
প্রথম আলোকে আসিফ বলেন, ‘আমার নতুন অ্যালবামের কয়েকটি গানের ভিডিও নির্মাণের কাজ শুরু করেছি। এদিকে বেশ কিছুদিন ধরে ঢাকায়ও খুব অস্থির লাগছিল। মাঝে কিছুদিন অসুস্থও ছিলাম। সুস্থ হয়ে ভাবলাম দূরে কোথাও থেকে ঘুরে আসি। বন্ধুদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি। তারাও একবাক্যে রাজি হয়ে গেল। আমি ভাবলাম, যেহেতু রাঙামাটিই যাচ্ছি, বেড়ানোর সঙ্গে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করে এলে মন্দ হয় না।’
মাঝে বেশ কয়েক বছর অভিমানে সংগীতাঙ্গন থেকে দূরে সরে ছিলেন আসিফ আকবর। এখন অডিও অ্যালবামের পাশাপাশি আসিফ চলচ্চিত্রের গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।