আসিফের গানে পপি

নায়িকা হওয়ার সুবাদে চলচ্চিত্রের গানে পপিকে তো কতবারই কত রূপে দেখা গেছে। এবার তিনি গানের মডেল হলেন। আসিফ আকবরের ‘সাদা লাল’ গানের ভিডিওতে দেখা যাবে এই চিত্রনায়িকাকে।
গানটি লিখেছেন আসিফ ইকবাল আর সংগীত পরিচালনা করেছেন মুন।
গতকাল সোমবার বিএফডিসির ডিজিটাল কমপ্লেক্স চত্বরে গানের ভিডিওর শুটিং হয়েছে। হঠাৎ মডেল হওয়ার বিষয়টি জানিয়ে পপি বলেন, ‘গানের মডেল হওয়ার জন্য প্রস্তাব পেয়েছি অনেক, কিন্তু করিনি। এবার এমন কয়েকজন মানুষ কাজটি করার অনুরোধ করলেন যে তাঁদের ফেরাতে পারলাম না। তবে সুবিধা হয়েছে, গানের মধ্যে মডেল হিসেবে চলচ্চিত্রের পপিকেই দেখানো হবে।’

আসিফ আকবরের এই গানের ভিডিওটি নির্মাণ করছেন হাসান তৌফিক। তিনি বলেন, ‘গানের গল্পে একজন চলচ্চিত্রের নায়িকার ডিমান্ড ছিল। সেই হিসেবেই পপি এতে মানিয়ে যান।’ পরিচালক জানান, শিগগিরই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উঠবে ভিডিওটি।