আসিফের মুখে যে কথা শুনে কষ্ট পান ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান ও আসিফ
ছবি: সংগৃহীত

২০০৯ সাল থেকে তাঁদের পরিচয়। প্রথম থেকেই তাঁকে আদর করতেন আসিফ। একসঙ্গে অনেক আড্ডা যেমন হতো, তেমনি প্রিয় মানুষের কাছ থেকে সব সময় পরামর্শ নিতেন। সেগুলোই ইমরানের চলতি পথের প্রেরণা।

ইমরান বলেন, ‘শৈশব থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। ভাবতাম আসিফ ভাইয়ের মতো গায়ক হব। সুনাম হবে। কিন্তু আমরা একসঙ্গে গান করব, এমন সাহস কখনোই করিনি। ভাইয়ের (আসিফ) সঙ্গে পরিচয়ের দীর্ঘ ১২ বছর পর গান করার সুযোগ আমার সেরা প্রাপ্তি।’  

নিয়মিত আলাপে প্রশংসা যেমন করেন তেমনি ভুল ধরিয়ে দেন আসিফ। ইমরান বলেন, ‘আসিফ ভাই তরুণদের অনেক সহযোগিতা করেন। আমার মতো তরুণদের এই সুযোগ দেওয়ার মতো মানুষ খুব একটা নেই। আসিফ ভাই নিজেও বলেন, তোদের জেনারেশনের ভাগ্য ভালো না। কারণ আমাদের নাকি সিনিয়রদের সঙ্গে অনেক দূরত্ব।’

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

আসিফের সঙ্গে সিনিয়রদের অনেক ভালো সম্পর্ক। গুণী সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, অ্যান্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু প্রমুখ গুণী শিল্পীদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। তাঁদের সঙ্গে আসিফের নিয়মিত যোগাযোগ হতো। সিনিয়র–জুনিয়র মিলে গান নিয়ে আলাপ–আলোচনার সুযোগ ছিল। তাঁদের সম্পর্ক ছিল বন্ধুসুলভ। আসিফের কাছ থেকে সেই সময়ের সিনিয়র–জুনিয়র সম্পর্কের কথা শুনে আফসোস করেন ইমরান, ‘আমরা সিনিয়রদের কাছ থেকে কিছুই শিখতে পারছি না। আমাদের সম্পর্ক হয়ে যাচ্ছে ভার্চ্যুয়াল। সবার সান্নিধ্য পাচ্ছি না। আমরা একত্র হওয়ার সুযোগ পাই না। আমাদের ভাগ্য আসলেই খারাপ। সিনিয়র–জুনিয়র সম্পর্ক আগের মতো থাকলে হয়তো অনেক কিছুই শিখতে পারতাম। সেই জায়গা থেকে আসিফ ভাই তাঁর পুরোটাই আমাদের দেওয়ার চেষ্টা করেন।’

আসিফ ও ইমরান
ছবি: সংগৃহীত

নতুনদের সঙ্গে সব সময়ই গান করতে উৎসাহী আসিফ। ইমরানকে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘ইমরান মাহমুদুল, এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ও কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে ইমরান। আমাদের দুজনের ফ্যানদের একটা ঐকান্তিক দাবি ছিল, একসঙ্গে যেন কাজ করি। ইমরানের প্রতিভার সঙ্গে আমার কণ্ঠ দ্রুতই একাকার হয়ে যাবে ইনশা আল্লাহ। আমরা একসঙ্গে কাজ শুরু করেছি। আশা করি ভালো কিছু করতে পারব।’ আসিফ প্রথম আলোকে বলেন, ‘ভক্তদের চাওয়া থেকেই আমরা একসঙ্গে গান করছি। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

ইমরান
ছবি: সংগৃহীত

আগামী ঈদের জন্য তাঁরা দুটি গান করবেন। গানের সুর ও সংগীতায়োজন করবেন ইমরান। গাইবেন আসিফ। একটি গান লিখেছেন আহমেদ রিজভী অন্যটি স্নেহাশিস ঘোষ।