আসিফের 'জানরে' এবার সিডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

কয়েক মাস ধরেই ধাপে ধাপে আসিফের নতুন অ্যালবাম ‘জানরে’ গানগুলো শুনেছেন শ্রোতারা। ডিজিটাল আকারে প্রকাশিত গানগুলো এবার সিডি আকারেও প্রকাশিত হলো। গতকাল রোববার অ্যালবামটি বাজারে ছাড়া হয়েছে। বছর শেষে প্রকাশিত হওয়া অ্যালবামটি শ্রোতাদের জন্য উপহার হিসেবে বলতে চাইছেন আসিফ।
আসিফ বলেন, ‘এটা ঠিক যে এখন আর ফিজিক্যাল সিডির চাহিদা নেই। সবচেয়ে বেশি হিট অ্যালবামই পাঁচ হাজারের বেশি চলে না। ইন্টারনেটের বদৌলতে সবারই গান শোনার ধরন পাল্টে গেছে। কিন্তু তার পরও একটা জিনিসের ফিজিক্যাল অস্তিত্ব আর এর আলাদা আবেদন রয়েছে। গানের সিডি অনেকে উপহার হিসেবে দিতে চান। তাই যেভাবে গান শুনুন না কেন, সিডি কিন্তু প্রকাশিত হবে।
আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত হওয়া আসিফের ‘জানরে’ অ্যালবামটি বাজারজাত করছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। বললেন, ‘সাউন্ডটেক শুরু থেকে আমার সঙ্গে আছে, তাই নতুন অ্যালবামটিও তাদের ছাড়া ভাবাটা মুশকিল।’ ‘জানরে’ আসিফের ৩০তম একক অ্যালবাম। তাঁর সর্বশেষ প্রকাশিত অ্যালবামটির নাম ‘এক্সপ্রেম’।
আসিফের অ্যালবামে সাধারণত ১০-১২টি গান থাকে। কিন্তু ‘জানরে’
অ্যালবামে মোট গান রয়েছে আটটি। বললেন, ‘ইচ্ছে ছিল এবারের অ্যালবামটিও ১০-১২টি গান নিয়ে সাজানোর। কিন্তু মাঝের বেশ কিছু সময় শারীরিক অসুস্থতা এবং চলচ্চিত্রের গানে ব্যস্ত হওয়ায় এই অ্যালবামের গানের পেছনে বেশি সময় দিতে পারিনি। তাই আটটি গান দিয়েই অ্যালবামটি ছেড়ে দিয়েছি।’
‘জানরে’ অ্যালবামের গানগুলো হলো— ‘আকাশের চাঁদ’, ‘জানরে’, ‘ভুলে থাক’, ‘শুরু থেকে’, ‘রূপ দেখি’, ‘দস্যি ছেলে’, ‘আড্ডা’ ও ‘নূরজাহান’। অ্যালবামটি বর্তমান স্থবির অডিও বাজার চাঙা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আসিফ বলেন, ‘অ্যালবামের গানগুলো ডিজিটালি প্রকাশ পাওয়ার পর অনেক ভালো রেসপন্স পেয়েছি। এরপর ভিডিওগুলোও পছন্দ করেছেন সবাই। বিভিন্ন ধরনের গান এখানে করার চেষ্টা করেছি। অ্যালবাম শুনলেই তা বোঝা যাবে। এরপর শ্রোতারাই বিচার করবেন কেমন হয়েছে অ্যালমবাটি।’