আহত পুলিশের জন্য ফুল পাঠালেন সুইফট

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কনসার্টে হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক নারী পুলিশ সদস্য। আহত এই পুলিশ সদস্যের জন্য ফুল পাঠিয়েছেন কণ্ঠশিল্পী টেলর সুইফট। সেই ফুলের তোড়ার ছবি দিয়ে সামাজিক মিডিয়ায় গানের এই তারকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এক পুলিশ সদস্য।
গত রোববার রাতে লাস ভেগাসে রাউট ৯১ হারভেস্ট ফেস্টিভ্যালে হামলা চালায় এক বন্দুকধারী। উৎসবে নিরাপত্তার দায়িত্বে ছিল লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)। সোমবার সুইফটের পাঠানো একটি ফুলের তোড়ার ছবিসহ এলএপিডির ইনটেল অ্যানালিস্ট কেমবারলি বাইন্ডার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একটি সৌজন্যের কথা। গত রাতে লাস ভেগাসের গোলাগুলিতে আমাদের এক সদস্য আহত হওয়ার পর টেলর সুইফট আমাদের পুলিশ স্টেশনে কয়েক তোড়া ফুল পাঠিয়েছেন। ব্যাপারটি হয়তো খুবই ছোট্ট। সুন্দর ফুলগুলো যে কারও ঠোঁটে সাময়িক হাসি ফোটাবে। অনেক শ্রদ্ধা।’ সুইফটের পাঠানো তোড়ায় ছিল বেশ কিছু গোলাপ, সূর্যমুখী ও ডেইজি।
ভয়ংকর এই হামলার ঘটনায় টেলর সুইফট ছাড়াও শোকবার্তা জানিয়েছেন ম্যাডোনা, লেডি গাগা, জেনিফার লোপেজ, রিয়ানাসহ অনেক তারকা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অন্যতম প্রাণঘাতী গোলাগুলির ঘটনা এটি। ঘটনার পর টেলর সুইফট টুইটারে লিখেছেন, ‘লাস ভেগাসের দুর্ঘটনার শিকার ও তাঁদের পরিবারের প্রতি শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’
রোববার রাতে স্টিফেন প্যাডোক নামের এক লোক ম্যান্ডেলে বে ক্যাসিনোর ৩২ তলার কক্ষ থেকে গুলি চালায় রাউট ৯১ হারভেস্ট ফেস্টিভ্যালে। প্রায় ২২ হাজার দর্শক উপস্থিত ছিলেন সেখানে।
সূত্র: পিপল।