আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে আবার দেশের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রূপসী বাংলার গান’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা
‘রূপসী বাংলার গান’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না’, ‘একতারা লাগেনা আমার দোতারাও লাগে না’—এমন অনেক জনপ্রিয় দেশের গান তৈরি করেছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। দীর্ঘদিন পর আবারও দেশের গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করেছেন তিনি। অ্যালবামের নাম ‘রূপসী বাংলার গান’।
অ্যালবামের সবকটি গানের কথা লিখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার কমল কলি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন লুইপা, মারুফা, নন্দিতা, মেহেদী ও স্মরণ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলা হয়। বিজয় দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘অনেক দিন পর একসঙ্গে অনেকগুলো দেশের গান তৈরি করার সময় এল। কমল কলি গানগুলো সুন্দর লিখেছেন। আর আমিও চেষ্টা করেছি তাতে সুর দিয়ে আরও একটু সুন্দর করে তুলতে।’
কমল কলি বলেন, ‘আমি পেশায় একজন চিকিৎসক। থাকি যুক্তরাষ্ট্রে। কিন্তু মন পড়ে থাকে বাংলাদেশে। তাই দেশের কথা লিখতে ভালো লাগে। আশা করি আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই আর আমার এই কাজ সবার ভালো লাগবে।’