আহ্লাদি দুই 'মেয়ে'র সঙ্গে

ফেরদৌসী রহমান ঘুম থেকে ওঠেন একটু দেরি করে। গতকাল বৃহস্পতিবার সকালে তা আর হলো না। ঘুম থেকে উঠেছেন একটু জলদিই। সকালে তাঁর বাসায় আসেন সংগীতশিল্পী নাশিদ কামাল ও অনিন্দিতা কাজী। ফেরদৌসী রহমানের ভাষায়, ‘আমার দুই আহ্লাদী মেয়ে।’ তাঁরা একসঙ্গে ছিলেন অনেকটা সময়।
পরে দুপুরে ফেরদৌসী রহমান বলেন, ‘অনিন্দিতা কাজীর জ্যাঠা কাজী সব্যসাচী আর বাবা কাজী অনিরুদ্ধর সঙ্গে আমার চমত্কার সম্পর্ক ছিল। কাজী সব্যসাচীকে আমি ডাকতাম সানি ভাই আর কাজী অনিরুদ্ধকে মিনি ভাই। তখন তো অনিন্দিতা অনেক ছোট ছিল।’
ফেরদৌসী রহমান পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন এভাবে, ‘১৯৭২ সালে আমি কলকাতায় গিয়েছিলাম গান রেকর্ডিং করতে। লংপ্লের জন্য। কাজী অনিরুদ্ধর বাসা ছিল উত্তর কলকাতায়। তখন তাঁর বাসাতেই ছিলাম। এইচএমভির সংগীত পরিচালক ছিলেন কলিম শরাফী। আমি গিয়েছিলাম নজরুলসংগীতের লংপ্লে করতে। কিন্তু কলিম শরাফী নজরুলসংগীতের পাশাপাশি আমাকে দিয়ে কিছু আধুনিক গান গাওয়ানোর পরিকল্পনা করেন।’
ওই সময় ফেরদৌসী রহমান চারটি নজরুলসংগীতও গেয়েছিলেন। রেকর্ডিংয়ের আগে সেই গানগুলো শুনেছিলেন আঙ্গুরবালা দেবী।
ফেরদৌসী রহমানের আধুনিক গানের লংপ্লেতে ছিল দুটি গান। লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। ওই দুটি গানের সুর করেন কাজী অনিরুদ্ধ। গান দুটি হলো ‘এবার যখন আসবে তুমি, একটু বেশি সময় নিয়ে এসো’ এবং ‘ছি ছি আমি কী ভুল করেছি’।
কাজী নজরুল ইসলামের নাতনি এবং কলকাতার তারা টিভির প্রেসিডেন্ট অনিন্দিতা কাজী এখন ঢাকা সফর করছেন। গতকাল সকালে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান করেন তিনি। সঙ্গে ছিলেন নাশিদ কামাল। চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পর তাঁরা যান ফেরদৌসী রহমানের বাসায়। সেখানে আড্ডা আর স্মৃতি রোমন্থনের পাশাপাশি তাঁরা ছবিও তোলেন। সেই ছবি পরে ফেরদৌসী রহমান ফেসবুকে আপলোড করেন।