আয়ে শীর্ষে কেটি পেরি

সংগীতশিল্পী হিসেবে বিশ্বে এ বছর সবচেয়ে বেশি আয় করেছেন মার্কিন পপ ও রক সংগীতশিল্পী কেটি পেরি। কেবল নারী সংগীতশিল্পীদেরই নন; তাঁর সমসাময়িক পুরুষ সংগীতশিল্পীদেরও পেছনে ফেলেছেন কেটি পেরি। সবাইকে পেছনে ফেলে ফোর্বসের তালিকায় বিশ্বে এ বছরের সর্বাধিক আয়ের সংগীতশিল্পী হয়েছেন এই মার্কিন সংগীত তারকা।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০১৫ সালে কেটি পেরি আয় করেছেন মোট ১৩৫ মিলিয়ন ডলার। পেরির এই আয়ের সিংহ ভাগই এসেছে সারা বছর বিশ্বব্যাপী গান গেয়ে। কেটি পেরি সংগীত নিয়ে তাঁর বিশ্ব সফরে প্রতিটি শহর থেকে আয় করেছেন আনুমানিক দুই মিলিয়ন ডলারেরও বেশি।
এ ছাড়াও, ৩১ বছর বয়সী এই সংগীতশিল্পীর ‘কভার গার্ল’ এবং ‘ক্লেয়ার’ এর মতো নামকরা আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও বড় চুক্তি রয়েছে। সেখান থেকেও বিপুল পরিমাণ আয় করেছেন তিনি।
২০১৫ সালের সর্বাধিক আয়ের সংগীতশিল্পীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে লন্ডনের পপসংগীতের ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’, তৃতীয় অবস্থানে আছেন সংগীতশিল্পী গার্থ ব্রুকজ এবং চতুর্থ অবস্থানে রয়েছেন পপসংগীত তারকা টেইলর সুইফট।
পপসংগীতের জনপ্রিয় তারকা কেটি পেরির প্রথম অ্যালবাম বেরিয়েছিল ২০০১ সালে। তাঁর প্রথম অ্যালবামটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। ২০০৪ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় অ্যালবাম। পাশাপাশি তিনি সেসময় একটি মিক্সড অ্যালবামের জন্য কাজ করেন। কিন্তু এরপরও ভাগ্য সুপ্রসন্ন হয়নি তাঁর। ২০০৮ সালে কেটি পেরির ‘ওয়ান অব দ্য বয়েজ’ অ্যালবামটি তাঁকে রাতারাতি নিয়ে যায় খ্যাতির শীর্ষে। এরপর আর এই পপসংগীত তারকাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ফোর্বস ম্যাগাজিন। পিটিআই।