ইংরেজি নববর্ষে সৈকতে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব বাচ্চু, জেমস্‌, মিলা, সুমি
আইয়ুব বাচ্চু, জেমস্‌, মিলা, সুমি

ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হতে যাচ্ছে ‘বিচ কার্নিভ্যাল’। উৎসবের মঞ্চে তিন দিন ধরে গাইবেন জেমস্‌, আইয়ুব বাচ্চুসহ দেশের খ্যাতিমান সব শিল্পীরা। ইংরেজি নববর্ষের প্রথম প্রহরকে গানে গানে স্বাগত জানাবেন তাঁরা। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে সংগীত পরিবেশনাসহ নানা আয়োজন৷
বিচ কার্নিভ্যাল উপলক্ষে কক্সবাজারের সমুদ্র সৈকতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি তিন দিন চলবে এই উৎসব। নগর বাউল, এলআরবি, জলের গান, চিরকুট, মিলা, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শফি মণ্ডল, কিরণ চন্দ্র রায়, ভারতের সোমলতা ও অনুপম রায়সহ জনপ্রিয় শিল্পীরা এই উৎসবে গান শোনাবেন৷
২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে সরকার৷ পর্যটনের গন্তব্য হিসেবে কক্সবাজারকে সারা পৃথিবীর সামনে তুলে ধরতেই এই আয়োজন৷ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, পর্যটন বাংলাদেশের সম্ভাবনাময় একটি শিল্প৷ দেশের পর্যটনশিল্পকে পৃথিবীর কাছে তুলে ধরতে সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে৷ সেগুলোর অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে। যৌথভাবে বিচ কার্নিভ্যালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন৷ সঙ্গে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, স্যাভলন, ফ্রেশ ও এপেক্স।
আয়োজকেরা জানান, ৩১ ডিসেম্বর সকাল ১০টায় কক্সবাজার সমুদ্রসৈকতে বিচ কার্নিভ্যালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের পর্যটনের স্থানগুলোকে দেশ–বিদেশের পর্যটকদের সামনে আকর্ষণীয় করে তুলে ধরতে উৎসবে থাকবে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, আতশবাজি উৎক্ষেপন।
উৎসবকে কেন্দ্র করে সৈকতকে বিশেষভাবে সাজানো হবে। ঘুড়ি উৎসব, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাস্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ সেখানে থাকবে খাবার ও লোকজ নানা পণ্যের প্রদর্শনী। সৈকত পরিচ্ছন্ন রাখার জন্যও থাকবে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। ১০ লাখ মানুষ একসঙ্গে এই উৎসবে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকেরা৷