ইউটিউবে বেঙ্গলের পাঁচ অ্যালবাম

অ্যালবামগুলোর গান শোনা যাবে বেঙ্গলের ইউটিউব চ্যানেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ইউটিউবে প্রকাশিত হয়েছে পদাবলী কীর্তন, ব্রহ্মসংগীত, রবীন্দ্র ও নজরুলসংগীত। বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা ধরনের এসব গানের সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে অ্যালবাম। প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীদের কণ্ঠে এসব অ্যালবাম শোনা যাবে বিনা মূল্যে।

বুলবুল ইসলাম ও প্রমীলা চক্রবর্তী

এগুলোর মধ্যে রয়েছে প্রমীলা চক্রবর্তীর কণ্ঠে পদাবলী কীর্তনের অ্যালবাম ‘যামিনী তুমি দীঘল হয়ো’। অ্যালবামটিতে রয়েছে প্রচলিত ‘আহা গোপালে ছাড়িয়া’, শৈলেন রায়ের ‘রাধে বুঝাও আমারে কেন’, চণ্ডীদাস ও গোবিন্দদাসের ‘শ্রীরাধার মানভঞ্জন’সহ আরও কয়েকটি গান। সুকান্ত চক্রবর্তী ও অভিজিৎ মজুমদারের কণ্ঠে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মসংগীতের সংকলন ব্রহ্মসনাতন অ্যালবামে রয়েছে ‘অন্তরতর অন্তরতম তিনি যে’, ‘ওই যে দেখা যায় আনন্দধাম’, ‘আজ আনন্দে প্রেমচন্দ্রে’, ‘প্রণমামি অনাদি অনন্ত সনাতন’, ‘ধন্য তুমি হে পরমদেব’, ‘বিমল প্রভাতে মিলি একসাথে’ ‘হৃদয়ের মম যতনের ধন’, ‘ধন্য তুমি ধন্য! ভব-জলধি-তারণ’, ‘জানি তুমি মঙ্গলময়’, ‘ব্রহ্মসনাতন তুমি হে’, ‘ধন্য ধন্য ধন্য আজি দিন’ গানগুলো।

নন্দিতা মুখার্জী ও সনজিদা বীথিকা

এ ছাড়া বুলবুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রনাথের গানের অ্যালবাম পথের শেষ কোথায়। এখানে রয়েছে ‘আবার এরা ঘিরেছে মোর মন’, ‘আধেক ঘুমে নয়ন চুমে’, ‘আমি তখন ছিলেম মগন’, ‘তোমারি মধুর রূপে’সহ আরও কিছু গান। বসন্তমুখর আজি অ্যালবামে সনজিদা বীথিকা গেয়েছেন নজরুলের ‘একী সুরে তুমি গান শোনালে’, ‘নব কিশলয় রাঙা’, ‘বসন্তমুখর আজি’, ‘খাতুনে জান্নাত’, ‘সোনার হিন্দোলে’, ‘ওগো অন্তর্যামী’, ‘মোরা ছিনু একেলা’, ‘আমি চিরতরে’; চিরসখা হে অ্যালবামে নন্দিতা মুখার্জী গেয়েছেন রবীন্দ্রনাথের ‘হৃদয়ের এ কূল ও কূল’, ‘আজি এ আনন্দসন্ধ্যা’, ‘মেঘের পরে মেঘ জমেছে’, ‘গহন কুসুমকুঞ্জ-মাঝে’, ‘চক্ষে আমার তৃষ্ণা’সহ আরও বেশ কিছু গান।

সুকান্ত চক্রবর্তী ও অভিজিৎ মজুমদার

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেঙ্গল জানিয়েছে, বর্তমানে ডিজিটাল মাধ্যমে গান শোনার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। মূলধারার মানসম্পন্ন কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীত, বিশেষ করে পঞ্চকবির গান, লোকগান উপভোগ করতে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অ্যালবামগুলো শোনার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।