ইউটিউবে লুশা মির্জার 'অচেনা মানুষ'

লুশা মির্জা মূলত রবীন্দ্রসংগীত করেন। এবার শ্রোতাদের জন্য তিনি একটি মৌলিক গানের ভিডিও প্রকাশ করলেন। গত বৃহস্পতিবার রাতে ‘অচেনা মানুষ’ শিরোনামের এই গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। নতুন এ গানে ভিন্নরূপেই তাঁকে দেখা যাবে বলে জানান লুশা মির্জা।
নতুন গানটি সম্পর্কে লুশা মির্জা বলেন, ‘আমি শাস্ত্রীয়, রবীন্দ্র ও নজরুলসংগীত শিখে বড় হয়েছি। তবে গাওয়া হয়েছে বেশি রবীন্দ্রসংগীত। তাই মৌলিক কোনো গান গাওয়ার প্রস্তাব পেলে একটু ভাবতে হয়। বিশেষ করে এখনকার বেশির ভাগ গানের কথা সহজে আমার পছন্দ হয় না। এই গানের কথা ও সুর দুটোই আমার ভালো লেগেছিল। তাই নিজের ভালো লাগাটাই শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।’
‘অচেনা মানুষ’ গানের কথা ও সুর করেছেন বিপ্লব সিদ্দিকী আর সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহীন। গানের ভিডিওতে শিল্পীর পাশাপাশি মডেল হয়েছেন নীলা ও আজাদ। লুশা মির্জা জানান, ‘অচেনা মানুষ’ গানের ভিডিওতে নীলা ও আজাদ চমৎকার অভিনয় করেছেন। গানের সঙ্গে সাদৃশ্য রেখে চার পাশের টুকরো ঘটনা নিয়েই ভিডিওটি বানানো হয়েছে। গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

নতুন কাজ প্রসঙ্গে লুশা মির্জা জানান, কলকাতা থেকে রবীন্দ্রসংগীতের একটি কাজের অনুরোধ এসেছে। কলকাতার এ সময়ের শিল্পী সোম চ্যাটার্জির সঙ্গে একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছেন তিনি। কাজটি সম্পন্ন হলে ভারত ও বাংলাদেশে একই সঙ্গে এ বছরেই প্রকাশিত হবে।
এর আগে বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে তাঁর একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘নিরন্তর’ প্রকাশ পেয়েছে।