ইউনিসেফ পুরস্কার পেলেন কেটি পেরি

মার্কিন সংগীতশিল্পী কেটি পেরির খ্যাতি কিন্তু শুধু গানের জগতে সীমাবদ্ধ নেই। তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূতও। এই পদবি নিয়েই হঠাৎ অর্জন করলেন ইউনিসেফের অড্রে হেপবার্ন পুরস্কার। মঙ্গলবার নিউইয়র্কে ইউনিসেফের একটি অনুষ্ঠানে আকস্মিকভাবে এই পুরস্কার ঘোষণা করেন মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন।
কেটি পেরিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হিলারি বলেন, ‘আমরা যেসব সমস্যার সম্মুখীন হই, সেগুলোর ব্যাপারে তিনি (কেটি) খুবই সিরিয়াস আর মানুষকে তিনি এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।’ ২০১৩ সাল থেকে কেটি পেরি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সম্প্রতি তাঁর ভ্রমণ কনসার্ট থেকে আয় করা এক মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফের জন্য দান করেন।
হিলারি বলেন, ‘আমাদের প্রয়োজন কেটির মতো বিজয়ী, তাঁর আবেগ, তাঁর শক্তি। এবং হ্যাঁ, তাঁর কণ্ঠ, সিংহের চেয়েও উচ্চ—এখন এবং সব সময়।’
ইয়াহু