ইউরো ভিশন চ্যাম্পিয়ন পর্তুগালের সালভাদর

গান নিয়ে এটা ইউরোপের সবচেয়ে বড় সংগীত প্রতিযোগিতা। ইউরো ভিশনের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন পর্তুগালের সালভাদর সোবরাল। ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার অনুষ্ঠিত ফাইনালে ইউরোপ সেরার খেতাব পান ২৭ বছর বয়সী পর্তুগালের লিসাবনের এ বাসিন্দা। দ্বিতীয় স্থান অধিকার করেন বুলগেরিয়ার ক্রিস্তিয়ান কাস্তোভ।
কিয়েভের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ‘ইউরো ভিশন সং কনটেস্ট ২০১৭’-এর চূড়ান্ত পর্বে ২৬টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুই পর্বের সেমিফাইনাল শেষে ২০টি দেশ ফাইনালে ওঠার সুযোগ পায় এবং ইউরো ভিশনের মূল আয়োজক, সহযোগিতাকারী এবং স্বাগতিক দেশ হওয়ায় যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেন সরাসরি ফাইনাল পর্বে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া সালভাদরের গাওয়া ‘দুজনের জন্য ভালোবাসা’ শিরোনামে গানটি বিচারক ও দর্শকদের ভোটে এবারের সেরা গানের মর্যাদা পায়। গানটি রচনা করেন সালভাদরের বোন লুজা। ৪২টি দেশ থেকে ৭৫৮ পয়েন্ট অর্জন করেন সালভাদর।
চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় পর্তুগালের এই শিল্পী বলেন, ‘আমরা সংগীতের এমন একটি পৃথিবীতে এখন বাস করছি যা শুধুমাত্র উৎসবে আনন্দ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যা একবারই হয়তো শোনা হয়। আমার মতে, এটা কোন গান হতে পারে না, যার কথায় কোন মানে নেই, যা মানুষের হদয় ছুঁয়ে যায় না। গান তো কোন আতশবাজি নয়; গান হচ্ছে আপনার অনুভূতি।’
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করা বুলগেরিয়ার ক্রিস্তিয়ান কাস্তোভের রয়েছে রুশ নাগরিকত্ব। মস্কোতে বাস করা ১৭ বছর বয়সী এই কিশোর ‘কুৎসিত সুন্দর’ শিরোনামের গানটি গেয়ে ৬১৫ পয়েন্ট অর্জন করেন। তৃতীয় স্থানে রয়েছে মালদোভার সানস্ট্রোক প্রজেক্ট নামের একটি ব্যান্ডদল। এ ছাড়া বেলজিয়ামের ভ্লানচি ও সুইডেনের রবিন বেনগটসন প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে জায়গা করে নেন।
রুশ গণমাধ্যম থেকে পাওয়া খবরে জানা যায়, এবারের কিয়েভ আসরে রাশিয়ার হয়ে কোন প্রতিযোগী অংশগ্রহণ করেননি। রাশিয়ার প্রতিনিধিত্ব করার কথা ছিল যাঁর, সেই রুশ শিল্পী ইউলিয়া সামোইলোভাকে ইউক্রেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কিয়েভ সরকার। ইউলিয়া একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে ২০১৫ সালে ক্রিমিয়া ভ্রমণ করলে তাঁর ওপর ওই নিষেধাজ্ঞা আসে। তাই রাশিয়াকে অংশ নিতে না দেওয়ায় রাশিয়ার ফেডারেল তালিকাভুক্ত কোন টেলিভিশন চ্যানেল এবার কিয়েভের অনুষ্ঠান প্রচার করেনি।
উল্লেখ্য, কিয়েভে অনুষ্ঠিত ইউরো ভিশন সংগীত প্রতিযোগিতার এটি ছিল ৬২তম আসর। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের (ইবিইউ) অন্তর্ভুক্ত দেশগুলোকে নিয়ে ১৯৫৬ সাল থেকে প্রতিবছর এই সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।