ইতিহাস গড়লেন সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যামি পুরস্কার হাতে টেইলর সুইফট
গ্র্যামি পুরস্কার হাতে টেইলর সুইফট

৫৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড ছিল টেইলর সুইফটময়। গ্র্যামি-রাতের সবচেয়ে বড় সম্মাননাটি জিতলেন তিনি। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর পুরস্কারটি জেতার পাশাপাশি নতুন ইতিহাসও গড়লেন এই মেয়ে। গ্র্যামির ইতিহাসে টেইলর সুইফট প্রথম নারী সংগীতশিল্পী, যিনি অ্যালবাম অব দ্য ইয়ার-এর পুরস্কার জিতলেন দুবার। এর আগে এমন অর্জন আর কোনো নারী সংগীত তারকার ঝুলিতে নেই। ২০০৬ সালে ফিয়ারলেস অ্যালবামের জন্য প্রথমবার অ্যালবাম অব দ্য ইয়ার-এর পুরস্কার জেতেন সুইফট।
সুইফট এ বছর তাঁর ১৯৮৯ অ্যালবামের জন্য সংগীতজগতের সবচেয়ে বড় পুরস্কারের আসর গ্র্যামিতে দ্যুতি ছড়িয়েছেন। অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জেতার পাশাপাশি টেইলর সুইফট জিতেছেন ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’ ও ‘বেস্ট মিউজিক ভিডিও’র পুরস্কার। সাতটি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটিতে বিজয়ী হয়েছেন ১৬ বছর বয়সী এই পপ তারকা।
তবে ইতিহাস গড়ার ঘটনাটি না ঘটলে এবারের গ্র্যামি আসর বাজিমাত করতেন কেন্ড্রিক ল্যামার। কারণ, সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে ল্যামার জিতেছেন পাঁচটি সেরার পুরস্কার। কিন্তু সুইফটের গ্র্যামি ইতিহাস গড়ার গল্পের পেছনে ল্যামারের অর্জন ঢাকা পড়ে গেল অনেকটাই।
২০১৬ সালের গ্র্যামি পুরস্কারের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যাপলস সেন্টারে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেখানে পশ্চিমা সংগীত-দুনিয়ার সব তারকার ভিড় জমেছিল। ওই রাতে আরও যেসব শিল্পীর হাতে ‘স্বর্ণের গ্রামোফোন’টি ওঠে, তাঁরা হলেন এড শিরান, ব্রুনো মার্স, জ্যাসন ইজবেল, গানের দল অ্যালাবামা শেক্স, দ্য উইকএন্ডসহ অনেকে। এএফপি।