ইনস্টাগ্রামকে বিবারের বিদায়

ছবি পোস্ট করার ওয়েবসাইট ইনস্টাগ্রাম থেকে বিদায় নিলেন পপ তারকা জাস্টিন বিবার। সাবেক প্রেমিকা সেলেনা গোমেজের বাঁকা কথা ও ভক্তদের নেতিবাচক মন্তব্যের কারণে ইনস্টাগ্রাম থেকে বিবারের এই প্রস্থান। তবে এই বিদায় সাময়িক কিনা, তা এখনও নিশ্চিত করেনি জাস্টিন বিবার কিংবা ইনস্টাগ্রামের কোনো সূত্র।
বিবার ছিলেন ইনস্টাগ্রামের ‘সবচেয়ে আলোচিত তারকা’ তালিকার ষষ্ঠ অবস্থানে। তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৭ কোটি ৭৯ লাখ। ছবি শেয়ার করার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছিলেন ৩ হাজার ৭৭৯টি ছবি। ইনস্টাগ্রামে অনুসারীর দিক থেকে প্রভাবশালী হওয়ায় প্রতিটি পোস্টবাবদ তাঁর আয়ও ছিল অনেক। কিন্তু সম্প্রতি বিবার তাঁর বর্তমান ‘ঘনিষ্ট বান্ধবী’ সোফিয়া রিচির সঙ্গে একটি ছবি পোস্ট করার পর তা নিয়ে শুরু হয় সমালোচনা। সোফিয়াকে নিয়ে বিবারের অনেক অনুসারী নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। তখনই বিরক্ত হয়ে সেই ছবিতে বিবার লেখেন, ‘আমি আমার ইনস্টাগ্রামের নিরাপত্তা কঠোর করে দেব, যদি তোমরা এমন নেতিবাচক মন্তব্য করতে থাকো। এ বিষয়টি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তোমরা যদি সত্যিই আমার ভক্ত হতে, তাহলে আমার প্রিয় মানুষদের ব্যাপারে এভাবে বলতে না।’
এই মন্তব্যের নিচেই কিছুক্ষণের মধ্যে বিবারের সাবেক প্রেমিকা পপ তারকা সেলেনা গোমেজ একটি মন্তব্য করেন। তিনি লেখেন, ‘তুমি যদি নেতিবাচক বিষয়গুলো সামলাতেই না পারো, তাহলে বান্ধবীর সঙ্গে তোলা কোনো ছবি এখানে দিও না। বিশেষ মুহূর্তগুলো তোমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। ভক্তদের ওপর রাগ ঝেড়ো না। তারা তোমাকে ভালোবাসে। তারা তখন থেকে তোমার সঙ্গে আছে, যখন তোমার পাশে আর কেউ ছিল না।’ সেলেনার এই মন্তব্যের পরই বিবারকে ঘিরে ইনস্টাগ্রামে যেন বিদ্বেষ আরও বেড়ে যায়। তবে সেলেনাকে ওই মন্তব্যের জবাব দিতে ভোলেন না বিবার। কিছুক্ষণের মধ্যেই বিবার আবার লেখেন, ‘এটা দেখতে ভালোই লাগে যে, আমার দিকে তারাই আঙুল তুলছে, যারা একসময় সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমাকে ব্যবহার করেছিল। আমি কিন্তু একা নই, যাকে অনেকেই ঘৃণা করে। আশা করি, সবাই আমার বন্ধু এবং নিজেদের প্রতি শ্রদ্ধাশীল হবে। আর হ্যাঁ, আমি আমার ভক্তদের অনেক ভালোবাসি।’
এরপর আজ জাস্টিন বিবারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে দেখা যায়, তাতে লেখা উঠছে ‘সরি, দিজ পেজ ইজ নট অ্যাভেইলেবেল।’ ইনস্টাগ্রাম থেকে বিদায় নেওয়ার আগে বিবার প্রথমে তাঁর অ্যাকাউন্টে নিরাপত্তা জোরদার করেন। তাঁর প্রোফাইলটিকে ‘পাবলিক’ থেকে ‘প্রাইভেট’-এ নিয়ে যান। এর আগে এই নেতিবাচক মন্তব্যের জন্যই স্ন্যাপচ্যাট থেকেও বিদায় নিয়েছিলেন বিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে এখন শুধু ফেসবুক আর টুইটারেই পাওয়া যাচ্ছে ২২ বছর বয়সী এই তারকাকে। গার্ডিয়ান।