ইনস্টাগ্রামে ফিরলেন সেলেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

ছবি ভাগাভাগির সাইট ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারী সেলেনা গোমেজের। দীর্ঘদিন কোনো পোস্ট না দেওয়া সত্ত্বেও ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নয়, গানবাজনা থেকেও কিছুদিন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। তিন মাসের বেশি সময় বিরতির পর অবশেষে ইনস্টাগ্রামে ফিরলেন এই পপ তারকা।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ছিল থ্যাংকস গিভিং ডে বা ধন্যবাদ জ্ঞাপন দিবস। কানাডা, যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান কয়েকটি দ্বীপে এই দিনটি পালন করার রীতি আছে। আর এই দিনটিকেই সেলেনা ফিরে আসার জন্য সবচেয়ে ভালো বলে মনে করেছেন।
লুপাস নামের চর্মরোগে আক্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেলেনা। অবসাদ কাটাতে খানিক বিরতির প্রয়োজন ছিল। হতাশা দূর করতে রিহ্যাব সেন্টারেও আশ্রয় নিয়েছিলেন ২৪ বছর বয়সী এই তারকা। এ কারণে নিজের কনসার্টের তারিখও পেছাতে হয়েছিল তাঁকে।
লোকচক্ষুর আড়ালে থাকা সেলেনা হঠাৎ করেই ২০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে আয়োজিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস আসরে হাজির হন। সেই আসরে তিনি জিতেছেন বছরের সেরা পপ গায়িকার পুরস্কার। পুরস্কার পাওয়ার পর সেলেনা গোমেজ এক আবেগস্পর্শী বক্তব্য দেন। তার আগে ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে।
বৃহস্পতিবার অসংখ্য ভক্তের সামনে তোলা একটি সাদাকালো ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে সেলেনা লিখেছেন, ‘এ বছর আমি অনেক কিছু অর্জন করেছি। তাই বছরটি ধন্যবাদ পাওয়ার যোগ্য।’
বছরের পর বছর শ্রোতা-ভক্তদের কাছ থেকে সেলেনা যে ভালোবাসা ও সমর্থন পেয়ে আসছেন, সে জন্য তাঁদেরও ধন্যবাদ জানান তিনি। ইউএস ম্যাগাজিন।