ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে তানজিনা তমার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিনা তমা
তানজিনা তমা

নতুন প্রজন্মের রবীন্দ্রসংগীত শিল্পী তানজিনা তমা। আজ শুক্রবার রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গান গাইবেন তিনি। এ আসরে তিনি গেয়ে শোনাবেন শুধুই রবীন্দ্রসংগীত।

নতুন প্রজন্মের রবীন্দ্রসংগীত শিল্পী গান শিখেছেন ছায়ানটে। তার ওস্তাদজির তালিকায় আছেন ওয়াহিদুল হক ও ড. সন্‌জীদা খাতুনের মতো গুণীজনেরা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সক্রিয় সদস্য।
তানজিনা তমার প্রথম একক অ্যালবাম ‘মধুযামিনী’ প্রকাশিত হয় ২০১১ সালে। এর দুই বছর পর ‘জীবন কথা’ নামে দ্বিতীয় একক অ্যালবামটি প্রকাশিত হয় কলকাতার কজমিক হারমনি থেকে।

গত বছরের মে মাসে প্রকাশিত হয় তাঁর তৃতীয় অ্যালবাম ‘খুঁজে বেড়াই’। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে সারেগামা (এক সময়ের এইচএমভি) তিনি বের করেছেন দুটি অ্যালবাম ‘তুমি ও আমি’ এবং ‘তোমার সঙ্গে’। কণ্ঠ দিয়েছেন নৃত্যনাট্য ও প্রামাণ্যচিত্রে।
তানজিনা তমার গানের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ঠিকানা- বাড়ি-৩৫, সড়ক-২৪, গুলশান-১, ঢাকা।