ইমনের সংগীতায়োজনে সজলের ত্রিভুবন

২০১২ সালে চ্যানেল নাইন আয়োজিত রিয়ালিটি শো পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সজল। প্রতিযোগিতা শেষ হওয়ার পরই বাজারে আসার কথা ছিল তাঁর প্রথম একক অ্যালবামের। কিন্তু তা হয়নি। অবশেষে তিন বছরের মাথায় আসছে তাঁর প্রথম একক গানের অ্যালবাম ‘ত্রিভুবন’। চিরকুট ব্যান্ড সদস্য ইমনের সংগীতায়োজনে তৈরি হয়েছে সজলের প্রথম অ্যালবাম।
‘ত্রিভুবন’ অ্যালবামটির মিক্স-মাস্টারিংয়ের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। কাল-পরশুর মধ্যে অ্যালবামটি বাজারে ছাড়া হবে। সজলের প্রথম অ্যালবাম বাজারজাত করছে এম রেকর্ডস।
ত্রিভুবনে শুধু গাওয়া নয়, এই অ্যালবামে গান লেখার পাশাপাশি সুরও করেছেন সজল। কথাপ্রসঙ্গে বললেন, ‘অনেক ছোটবেলা থেকেই আমি গানের সুর করার চেষ্টা করি। আমার সুরে অনেক আগেই গান গেয়েছেন এস আই টুটুল ও পান্থ কানাইয়ের প্রতিষ্ঠিত মতো শিল্পী। গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরাও। এবার আসছে আমার নিজেরই একক অ্যালবাম। প্রত্যেকটা গান অনেক যত্নে তৈরি করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
২০১২ সালে পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর অসংখ্য চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন। হাতেগোনা কয়েকটি মিশ্র গানের অ্যালবামেও ছিল সজলের গান। একক অ্যালবাম প্রকাশে এতটা সময় নিলেন কেন জানতে চাইলে সজল বলেন, ‘আমি আসলে বাজারের চিন্তা করা গান করতে চাইনি। গান ভালোবেসে গানের জন্যই গান গান করতে বরাবরই চেয়েছি। এখনো গান শিখছি। শেখার জন্য নিজেকে অনেক সময় দিতে হয়। আমি চাই এমন কিছু গান করতে, যেসব গান সব সময় মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকে। সেই প্রচেষ্টার কারণে এতটা সময় নিয়ে প্রথম অ্যালবামের কাজ করেছি। সামনে এই প্রচেষ্টা আরও বেশি থাকবে।’
সজলের প্রথম একক গানের অ্যালবামের সংগীতায়োজক ইমন বলেন, ‘সজলের গায়কি নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমরা সবাই মিলে কাজ করে অনেক সুন্দর একটা অ্যালবাম তৈরির চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানগুলো শুনে সবার ‘আরাম’ লাগবে।’