ইমনের সুরে হৃদয়ের 'এসো না হৃদয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিসডকল’ ছবির গান রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে শওকত আলী ইমন ও হৃদয় খান
‘মিসডকল’ ছবির গান রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে শওকত আলী ইমন ও হৃদয় খান

আলোচিত গায়ক ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর-সংগীতে চলচ্চিত্রের গানে দেশের অনেক জনপ্রিয় শিল্পীই কণ্ঠ দিয়েছেন। বাদ পড়েনি দেশের বাইরের জনপ্রিয় শিল্পীও। এ তালিকায় এবার যোগ হলেন নতুন প্রজন্মের আলোচিত গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান। গতকাল শনিবার সন্ধ্যায় মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে চলচ্চিত্রের তাঁর সুর ও সংগীতে গানে কণ্ঠ দেন হৃদয়। ‘মিসডকল’ নামের এই ছবিটির পরিচালক সাফিউদ্দিন সাফি।
হৃদয়ের গাওয়া গানটির কথা লিখেছেন কবির বকুল। ‘এসো না হৃদয়ে’ শিরোনামের এই গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পি। তাঁর বিপরীতে অভিনয় করবেন নবাগত এক নায়িকা।
শওকত আলী ইমন বলেন, ‘ গায়কের পাশাপাশি হৃদয় সংগীতপরিচালকও। আমার গাওয়া অ্যালবাম ‘এখনো খুঁজি’তে হৃদয় আমার সঙ্গে কাজ করেছে। তবে আমার সুর ও সংগীতে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়নি সে। আমি বৈচিত্র্যপূর্ণ কাজ করতে পছন্দ করি। এই গানটির সুর তৈরির সময় প্রথমেই হৃদয়কে দিয়ে গানটি গাওয়ানোর পরিকল্পনা করি। আমার কেন জানি মনে হয়েছিল গানটি সে গাইলেই ভালো হবে। গাওয়ার পর মনে হয়েছে সিদ্ধান্তটা নিয়ে তো ভুল করিনি। হৃদয় সত্যিই অনেক ভালো গেয়েছে।’
ইমন আরও বলেন, ‘হৃদয়কে সাধারণত যে ধরনের গানে দেখা গেছে, এই গানে তাঁকে একেবারেই ব্যতিক্রম মনে হবে। আমি তার কণ্ঠ নিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস দর্শক-শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’