ইমরানের ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স মাহমুদ ও ইমরান
প্রিন্স মাহমুদ ও ইমরান

এক সময় তাঁর সুর-সংগীতে বিভিন্ন সংগীতশিল্পীর কণ্ঠে একাধিক মিক্সড অ্যালবাম দারুণ জনপ্রিয়তা পায়। প্রিন্স মাহমুদের কথা, সুর ও সংগীতে গান করেননি এমন জনপ্রিয় কণ্ঠশিল্পীও কমই আছেন। এবারে তাঁর নতুন অ্যালবামের একটি গানের জন্য প্রিন্স মাহমুদ বেছে নিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে। ‘ভীষণভাবে তোকে পড়ছে মনে— শিরোনামের এ গানটি গেয়েছেন ইমরান। গানটি প্রিন্স মাহমুদের লেখা। সুর-সংগীতও করেছেন তিনি।
এদিকে, প্রথমবারের মতো জনপ্রিয় সংগীতকার প্রিন্স মাহমুদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে রোমাঞ্চিত ইমরান। তিনি বলেছেন, ‘অনেক দিন থেকেই প্রিন্স ভাইয়ের সুর-সংগীতে গান গাওয়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছাপূরণ হলো।’
ইমরান আরও বলেন, ‘ছোটবেলা থেকেই প্রিন্স ভাইয়ের গান শুনে আসছি। তাঁর বড় ভক্ত আমি।’ কীভাবে প্রিন্স মাহমুদের সঙ্গে গান গাওয়ার সুযোগ হলো? এমন প্রশ্নে ইমরান জানান, তাঁর গাওয়া’ ফিরে আসো না’ গানটি শোনানোর জন্য প্রিন্স ভাইকে ফেসবুকে লিংক পাঠিয়েছিলেন তিনি। গানটি শুনে প্রিন্স মাহমুদ তাঁর কণ্ঠের প্রশংসা করেন। একদিন হঠাৎই তাঁকে ডেকে নেন।
এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘ইমরানের কণ্ঠ খুবই ভালো। সবচেয়ে বড় কথা; ও গানের পাগল। ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষাও করতে পারে। এক বছর ধরে ও আমার পেছনে লেগে ছিল। অন্য কেউ হলে হয়তো বিরক্ত হয়ে আর যোগাযোগ করত না। আর গানটিও ইমরান ভালো গেয়েছে।’ 

গান ও অ্যালবাম প্রসঙ্গে প্রিন্স মাহমুদ জানিয়েছেন, জি-সিরিজের ব্যানারে তাঁর নতুন অ্যালবামে ইমরানের গাওয়া গানটি শিগগিরই বাজারে আসবে।