ইমরানের সঙ্গে প্রথম বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান ও বৃষ্টি
ইমরান ও বৃষ্টি

নতুন একটি একক অ্যালবামের কাজ শুরু করেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। এর সবকটা গানের সুর ও সংগীত পরিচালনা করছেন তিনি। নাম ‘প্রথম বৃষ্টি’, এটি হবে বৃষ্টির প্রথম একক অ্যালবাম। তাঁর সঙ্গে দুটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান।
এর আগে ইমরানের সঙ্গে মিশ্র অ্যালবামে গান করেছেন বৃষ্টি। ইমরান বলেছেন, ‘বৃষ্টির মিক্সড অ্যালবামের গান প্রশংসিত হয়েছে। তাঁর কণ্ঠ ভালো। একক অ্যালবামের জন্য যে তিনটি গান করেছি সেগুলো ভালো হয়েছে।’
ইমরানের সঙ্গে নতুন এ কাজ প্রসঙ্গে বৃষ্টি বলেন, ‘আগে অনেকের সঙ্গেই কাজের সুযোগ হয়েছে। কিন্তু তাঁর সঙ্গে কাজটা অনেক সহজ মনে হয়।’ বৃষ্টি জানান, আগামী বছরের প্রথম দিন ‘প্রথম বৃষ্টি’ অ্যালবামটি অনলাইনে প্রকাশিত হবে। অ্যালবামে গান থাকবে ছয়টি। এর মধ্যে বৃষ্টির কণ্ঠে তিনটি গানের রেকর্ডিংও শেষ হয়েছে।
এদিকে, গত ঈদুল ফিতরে ইমরানের সুর ও সংগীতে কনা, ইমরান, বৃষ্টির ‘আজ ভালো বাসো না’ শিরোনামে একটি মিশ্র অ্যালবাম বাজারে আসে। ওই অ্যালবাম থেকে বৃষ্টির গাওয়া ‘আজ ভালো বাসো না’ ও ‘বলো সাথিয়া’ গানদুটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। শিগগির বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে দেখা যাবে সেগুলো। গানের ভিডিও দুটি পরিচালনা করেছেন সৈকত রেজা।