ইমরানের স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিওতে গান রেকর্ডিংয়ের ফাঁকে রুনা লায়লার সঙ্গে ইমরান
স্টুডিওতে গান রেকর্ডিংয়ের ফাঁকে রুনা লায়লার সঙ্গে ইমরান

নতুন প্রজন্মের গায়ক ইমরানের স্বপ্ন ছিল, কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার। এবার তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে। আব্দুল মান্নান পরিচালিত ‘পাংকু জামাই’ ছবিতে রুনা লায়লার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। ‘মনটা কেড়ে নিলে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ। ৪ জানুয়ারি গানটির রেকর্ডিং হয়েছে।


২০০৮ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে আসেন ইমরান। সে প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই মোহাম্মদ হোসেন জেমীর ‘ভালোবাসার লাল গোলাপ’ ছবিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে গান গাইবার সুযোগ পান ইমরান।

ইমরান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘ও (ইমরান) তো ভালো গান করে। শুনলাম, অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি গানের সংগীত পরিচালনাও করেছে। আমার সঙ্গে গাওয়া গানটিও সে বেশ ভালো গেয়েছে। ওর জন্য শুভকামনা রইল।’

এ দিকে রুনা লায়লার সঙ্গে সিনেমার গান গাইতে পেরে বেশ উচ্ছ্বসিত ইমরান বলেন, ‘অনেক দিনের স্বপ্ন এবার সত্যি হয়েছে। গানটিও আমার অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে গানটি নিয়ে খুব আশাবাদী। আমার বিশ্বাস শ্রোতারাও পছন্দ করবেন।’

ইমরান আরও বলেন, ‘গানটি গাইতে গিয়ে রুনা ম্যামের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাও চমৎকার। তিনি আমার কাজের বেশ প্রশংসা করেছেন। আমিও তাঁকে সালাম করেছি, আশীর্বাদ নিয়েছি।’

এদিকে, ‘পাংকু জামাই’ ছবির আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। এতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।