ইরিনের চার নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরিন
ইরিন

চলচ্চিত্রে ইরিনের প্রথম নায়ক ছিলেন শাকিব খান। অনন্ত ভালোবাসা নামের ছবিটির পর ইরিন চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন। চিত্রনায়িকা মৌসুমীর এই বোন এরপর গান নিয়ে ব্যস্ত ছিলেন। প্রথম ছবি মুক্তির আগে মধুরাত নামের একটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছিল ইরিনের। তাঁরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন আরেকটি গানের অ্যালবামের কাজ শুরু করেছেন ইরিন। এটি তাঁর চার নম্বর একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামের তিনটি গানের কাজ শেষ হয়েছে। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল ও প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান। নাম ঠিক না হওয়া নতুন এই অ্যালবামে আটটি গান রয়েছে বলে জানান ইরিন।
গত সোমবার সন্ধ্যায় রামপুরার বনশ্রীতে প্রীতম হাসানের সুর ও সংগীতে নতুন গানে কণ্ঠ দেন ইরিন। ‘মনে মনে’ শিরোনামের গানটির কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। ইরিন বললেন, ‘বয়সে ছোট হলেও প্রীতম অনেক প্রতিভাবান। তাঁর সুর ও সংগীতে গাইতে পেরে ভালো লেগেছে। তা ছাড়া গানটির কথাও আমার ভালো লেগেছে।’
২০০৮ সালে প্রকাশিত হয় ইরিনের দ্বিতীয় একক অ্যালবাম তোমায় দেখব ছুঁয়ে। এ বছরের এপ্রিলে প্রকাশিত হয় তৃতীয় একক অ্যালবাম চাইলে তুমি।