ঈদে ইমরান ও ন্যান্সির গানের ভিডিও

ন্যান্সি ও ইমরানের নতুন গান আসছে। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে ‘ঠিক-বেঠিক’ গানটির ভিডিওর শুটিং শেষ হলো। ঈদুল আজহায় দেখা যাবে সেটি। গানটিতে ইমরানের মডেল হয়েছেন কলকাতার ছোট পর্দার চেনা মুখ অভিনেত্রী জেসমিন।
আগেও একসঙ্গে গান করেছেন ন্যান্সি-ইমরান। কিন্তু এবারই প্রথম তাঁদের গানের ভিডিও হচ্ছে। সেরা কণ্ঠ–খ্যাত এই তরুণ সংগীত তারকা বলেন, ‘শ্রোতারা এর আগেও আমাদের অডিও গান শুনেছেন। চলচ্চিত্রেও আমরা একসঙ্গে গেয়েছি। কিন্তু এবারই দুজনের গাওয়া গান ভিডিওতে দেখবেন দর্শকেরা। আমার বিশ্বাস, এই ভিডিওটি আমাদের দুজনের ভক্ত-দর্শকের ঈদকে আরও আনন্দময় করে তুলবে।’
ভিডিওতে মডেল হওয়া কলকাতার জেসমিন এবারই প্রথম বাংলাদেশের কোনো কাজে যুক্ত হলেন। এই কাজে সংযুক্তি প্রসঙ্গে জেসমিন বলেন, ‘ইমরান আমার ভালো বন্ধু। কলকাতায় আমি তার গান শুনি। এটি হচ্ছে একটি ব্যাপার। তা ছাড়া আমার অভিনীত সিরিয়ালগুলো এখানকার দর্শকেরা দেখেন। জেনেছি, আমার ভক্তও আছেন এখানে। এসব কারণে কাজটি করতে আগ্রহী হয়েছি। বাংলাদেশে এসে কাজের একটা নতুন অভিজ্ঞতাও হলো।’
ইমরান–ন্যান্সির দ্বৈতকণ্ঠে গাওয়া নতুন এই গান লিখেছেন স্নেহাশীষ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। গানের ভিডিওটির নির্মাতা সৈকত রেজা বলেন, ‘ভিডিওর গল্পে একটা ভৌতিক ব্যাপার উঠে এসেছে। ফলে এর মধ্যে একটা ভিন্নতা খুঁজে পাবেন দর্শক।’ পরিচালক জানান, ঈদুল আজহায় সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে।