ঈদে দেখা মিলবে মিলার

অনেক দিন ধরেই পপসংগীত শিল্পী মিলার নতুন গানের অ্যালবাম আসি আসি করেও আসছিল না। শেষপর্যন্ত মিলার এই নতুন একক অ্যালবামটি প্রকাশের বন্দোবস্ত হয়েছে। অ্যালবামটির জন্য চুক্তি হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের সঙ্গেও। সুতরাং অনেক দিন পর হলেও এটা নিশ্চিত এই ঈদে দেখা মিলছে মিলার।
নিজের নামে অ্যালবাম প্রকাশের চিন্তা থাকলেও তা থেকে সরে এসেছেন মিলা ও অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ। মিলার এই নতুন একক অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘আনসেন্সরড’। গত বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন কার্যালয়ে মিলার নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে একটি চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিলা ছাড়াও স্ব স্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৭ জুলাই থেকে ডিজিটাল এবং সিডি— উভয় মাধ্যমেই শ্রোতারা মিলার নতুন অ্যালবামের গান শুনতে পারবেন। সেভাবেই সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এদিকে, ‘আনসেন্সরড’ অ্যালবাম থেকে এরই মধ্যে একটি গানের ভিডিও প্রকাশিত হয়েছে। দুই বছর আগে প্রকাশিত হওয়া গানটির শিরোনাম ‘ঈশ্বর জানে’। অ্যালবামটিতে মিলার নিজস্ব ঢংয়ের গান থাকছে; থাকছে মিলার নিজের লেখা, সুর ও কম্পোজিশনে করা গানও।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, মিলা তাঁর নতুন অ্যালবামের অধিকাংশ গানের ভিডিও নির্মাণও শেষ করেছেন। এখন শুধু বাজারে ছাড়ার অপেক্ষা।

বছর আটেক আগে দেশীয় সংগীতে পপ-ফিউশনে আধুনিকতার ছোঁয়া নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়েছিলেন মিলা। এসেই বাজিমাত করেন তিনি। তরুণ প্রজন্মের কাছে মিলার গান দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করে। চলচ্চিত্র, স্টেজ শো সহ নানা মাধ্যমে ব্যস্ত হয়ে পড়েন। পর পর তিন বছর তিনটি অ্যালবাম প্রকাশিতও হয়। কিন্তু একপর্যায়ে হঠাৎ করেই সবকিছু থেকে নিজেকে পুরোপুরিভাবে গুটিয়ে নেন মিলা। কয়েক বছর ধরে বেছে বেছে নিজের মতো করেই কাজ করে গেছেন তিনি।
মিলার সর্বশেষ অ্যালবাম রি-ডিফাইন্ড প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। সে হিসেবে পাঁচ বছর পর প্রকাশিত হতে যাচ্ছে মিলার নতুন গানের অ্যালবাম। মিলা ভক্তদের জন্য আরও সুখবর হচ্ছে, অ্যালবামের পাশাপাশি সংগীতজীবনের ভ্রমণ নিয়ে একটি মিউজিক্যাল ফিল্মও প্রকাশিত হতে যাচ্ছে। ৯০ মিনিটের এই মিউজিক্যাল ফিল্মে থাকবে তাঁর জীবনের আদ্যোপান্ত।
জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, “অনেক দিন পর বাজারে আসছে মিলার অ্যালবাম। ‘আনসেন্সরড’ অ্যালবামের গানগুলোর মাধ্যমে মিলা শ্রোতাদের দীর্ঘ বিরতি পুষিয়ে দেবেন বলে আমার বিশ্বাস। আমি এও মনে করি, এই অ্যালবামের মাধ্যমে আবারও গানের জগতে ব্যস্ত হয়ে উঠবেন মিলা।”