ঈদে বাপ্পার নতুন গান

বাপ্পা মজুমদারের নতুন গান আসছে এই ঈদে। ‘বেঁচে থাকার গান’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামে থাকবে বাপ্পার এই গান। শুক্রবার বাপ্পা মজুমদারের মগবাজারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘আরশীনগর’ শিরোনামের গানটির কথা লিখেছেন নবাব আমিন। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
নতুন গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত যত দূর জানি, ঈদে অ্যালবাম আকারে আমার এই একটি গানই শ্রোতারা হাতে পাবেন। খুব দারুণ একটা গান। সুন্দর কথা আর সুরের এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
এদিকে, গানটির সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘বাপ্পা দা’র সঙ্গে এর আগেও কয়েকটি গানের কাজ করার সুযোগ হয়েছে। তবে এবারের গানটি একেবারেই অন্যরকম। লোকধাঁচের এমন গানে বাপ্পা দা’কে আমরা আগে পাইনি। শ্রোতারা গানটিতে বৈচিত্র্য খুঁজে পাবেন।’
‘বেঁচে থাকার গান’ অ্যালবামে মোট আটটি গান থাকবে বলেই জানিয়েছেন সুমন কল্যাণ।
বাপ্পা মজুমদার ছাড়া অ্যালবামটির অন্য শিল্পীরা হলেন পান্থ কানাই, দিনাত জাহান মুন্নী, মুহিন, ঐশী ও সুমন কল্যাণ। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন নবাব আমিন। এই অ্যালবামটি বাজারে আনবে লেজার ভিশন।