ঈদে মায়ের বানানো জামা ছিল রুনা লায়লার পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনা লায়লা
রুনা লায়লা

ঈদের সময় ছোট-বড় সবারই চাই নতুন জামা। ছোটবেলায় নতুন জামার প্রতি সবার আগ্রহ থাকে বেশি। আর তাই বাবা-মায়ের সঙ্গে দোকানে গিয়ে পছন্দের জামা কেনে সবাই। নতুন জামা সেলাই করতে কেউবা ঢুঁ মারে দরজির দোকানে। বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার শৈশব কিন্তু এর ব্যতিক্রম। ঈদে নতুন জামা পরলেও বাজার থেকে কিংবা দরজির দোকানের সেলাই করা জামা ছিল না সেটা। মায়ের হাতে বানানো জামা পরতেই বেশি পছন্দ করতেন রুনা লায়লা। প্রথম আলোর সঙ্গে এক আলাপে তেমনটাই জানিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী।
রুনা লায়লার শৈশব কেটেছে পাকিস্তানের করাচিতে। বাবার চাকরি সূত্রে তাঁকে সেখানে অনেকটা সময় পর্যন্ত থাকতে হয়েছে। তবে মাঝে-মধ্যে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় আসতেন।
রুনা লায়লা বলেন, ‘ঈদ নিয়ে সবারই কমবেশি পরিকল্পনা থাকে। থাকে মজার মজার স্মৃতিও। আমারও তেমন ছিল। আমার ছোটবেলা কেটেছে পাকিস্তানের করাচিতে। অপেক্ষা করতাম কবে নতুন জামা পরব। তবে বাইরের জামা-কাপড় নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। আমার সব জামা-কাপড়ই সেলাই করে দিতেন মা। তারপর যখন গান গাওয়া শুরু করলাম, সবার কাছে একটু পরিচিতি বাড়তে থাকল, তখনো মা আর বড় বোনই জামা কাপড় বানিয়ে দিতেন। আমার ওটাই ভালো লাগত। মায়ের হাতের, বোনের হাতের বানানো জামা ছিল আমার খুব প্রিয়।’

মা আমিনা লায়লার সঙ্গে রুনা লায়লা
মা আমিনা লায়লার সঙ্গে রুনা লায়লা

ছোটবেলায় ‘ঈদি’ বা সেলামি পাওয়া নিয়েও রুনা লায়লার রয়েছে মজার অভিজ্ঞতা। বললেন, ‘ছোটবেলায় ‘ঈদি’ পাওয়া নিয়ে সবার বাড়িতে যাওয়া হতো। কত পাব এটা নিয়ে তো রীতিমতো গবেষণা হতো। পরে বাড়িতে এসে সন্ধ্যা বেলা হিসেব করে দেখতাম, কত পেলাম। এরপর ‘ঈদি’র টাকা দিয়ে খেলনা, চকলেট আর বই কিনতাম।
রুনা লায়লা বলেন, ‘আমি বাড়িতে যা ছিলাম তাই থাকতাম। বন্ধু-বান্ধবদের বাড়িতে যাওয়া হতো।’
এখনকার ঈদের আনন্দ উদ্‌যাপনে অনেক পরিবর্তন এসেছে। এখন পাওয়ার চেয়ে কাউকে কিছু দেওয়ার মাধ্যমেই আনন্দ খুঁজে পান বলেই জানালেন রুনা লায়লা। বললেন, ‘আমি এখন সবার বড়। সবাইকেই ‘ঈদি’ দিতে হয়। কাপড়-চোপড় দিতে হয়। বেশ কয়েক বছর ধরেই ঈদের দিন রাতে আমার বাসায় সবার দাওয়াত থাকে। পরিবার ও আত্মীয়দের অনেকের সঙ্গে মিলে রাতের খাবার খাই। আমার দুই নাতি থাকে লন্ডনে। তারা ফোন করে। তাদের সঙ্গে গল্প হয়।’