ঈদে মুক্তি পেল অতনু তিয়াসের 'ইচ্ছাঘোড়া'

‘ঘোড়া কিইনা বইসা আছি/ লাগাম কিনার পয়সা নাই।’ কথা হচ্ছে এই ঘোড়া আদতে কী? কবি ও শিল্পী অতনু তিয়াস বলছেন, এই ঘোড়া ‘ইচ্ছাঘোড়া’। এক কথায় এ ঘোড়া হলো সেই সাধ, যাকে লাগাম পরানোর জন্য হাপিত্যেশ করে মরে সাধারণ মানুষ।
এই সাধ ও সাধ্যের ব্যবধানের বাস্তবতার বয়ান নিয়েই এবারের ঈদে হাজির হয়েছেন অতনু তিয়াস। ঈদ উপলক্ষে নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছেন তিনি তাঁর ‘ইচ্ছাঘোড়া’ গানটির মিউজিক ভিডিও। কবি, শিল্পী ও গীতিকার অতনু তিয়াসের ‘ইচ্ছাঘোড়া’ গানটি মানুষের সাধ ও সাধ্যের ব্যবধান নিয়ে চিরায়ত হাহাকারটি তুলে ধরেছে। ‘মোমের ডানায় উড়ে উড়ে/ এই অতনুর দুঃখ পোড়ে রে’—কথাতেই রয়েছে এই হাহাকারের স্বাক্ষর।
ফোক টিউনের গানটিতে মূলত সেসব অগণিত সাধারণ মানুষের কথা বলা হয়েছে, যাদের ইচ্ছা নামের ‘পাগলা ঘোড়াটি’ ‘ছিঁড়লে দড়ি দেয় না ধরা’। গানটির মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জহির দীপু। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন যথাক্রমে মাসুম আহমেদ সুমন ও সৈকত খন্দকার। অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। ‘ইচ্ছাঘোড়া’ গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই, আর সংগীতায়োজন করেছেন রোকন ইমন। গানটি শুনতে চাইলে—