ঈদে 'ক্লোজআপ ফিউশন লাউঞ্জ' সিজন-২

২০১৩ সালে প্রথম ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ’ প্রচারিত হয়েছিল চ্যানেল নাইনে। এক বছর বিরতির পর দ্বিতীয় সিজন নিয়ে অনুষ্ঠানটি আবারও হাজির হচ্ছে চ্যানেল নাইনের ঈদ আয়োজনে। সম্প্রতি শেষ হলো এর ৬ পর্বের ধারণ কাজ। চ্যানেল নাইনের নিজস্ব স্টুডিওতে ধারণকৃত এবারের পর্বগুলোতে গান গেয়েছেন দিনাত জাহান মুন্নী, মিনার, পারভেজ, মুহিন, সালমা, কিশোর, নিশিতা, লায়লা, ইভা, কর্নিয়া, নন্দিতা ও আঁচল।
এবারের আয়োজন সম্পর্কে জানতে চাইলে ফিউশন লাউঞ্জের পরিকল্পক ও পরিচালক তানভীর খান বলেন, ‘নির্বাচিত বাংলা চলচ্চিত্রের গান এবং আধুনিক বাংলা গান নিয়েই ফিউশনধর্মী এ আয়োজন। গানগুলোর মূল সুর ও গায়কি ঠিক রেখে সংগীতায়োজনে কিছু ইম্প্রোভাইজ করা হয়েছে। সংগীতায়োজনে দেশি এবং পাশ্চাত্যের সংমিশ্রণ ঘটানো হয়েছে। প্রতিটি গানে দর্শক শ্রোতারা নতুন স্বাদ পাবেন বলে আমার বিশ্বাস।’
জানা গেছে, ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ’এর ধারণকৃত ছয় পর্বে শিল্পীদের সঙ্গে বাজিয়েছেন মাসুম (কি বোর্ড), মিথুন (পারকেশন), আমজাদ (ড্রামস), শার্টন (বেজ), রোমান, (গিটার), জোহান (গিটার), জালাল (বাঁশি), মাখন (হারমোনিয়াম/বেহালা), জালাল (মেন্ডোলিন/দোতারা), আরভিস (র্যাপ), মারুফ (ডিজে)।
‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ’ অনুষ্ঠানটি চ্যানেল নাইনের ঈদ আয়োজনে দেখা যাবে প্রতিদিন রাত নয়টা ১০ মিনিটে।