ঈদের পরই ফিরছেন অর্থহীনের সুমন

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছেন অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য সুমন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে ১১ তম সার্জারি শেষে তিনদিন আগে ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফেরার পর গতকাল জানালেন সুখবরটি। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। বললেন, ‘ঈদের পরই আমাকে আবার মঞ্চে দেখা যাবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আপাতত বাসায় বিশ্রাম নিতে হচ্ছে।’
অসুস্থতায় কাবু হয়ে ভেবেছিলেন এই বুঝি শেষ। কিন্তু তিনি আবারও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসেছেন। শুকরিয়া আদায় করে বললেন, ‘আপনারা হয়তো অনেকেই জানেন গত ৫ বছর ধরে নানা ধরনের অসুস্থতার ভেতর দিয়ে গেছি আমি। বেশ কয়েকবার বেশকিছু গুরুত্বপূর্ণ সার্জারির ভেতর দিয়ে যেতে হয়েছে আমার। ৩১ ঘণ্টা কোমায় থাকার অভিজ্ঞতাও হয়েছে! অনেকবার মনে হয়েছে এই বুঝি শেষ, আমার এবার যাবার সময় হয়েছে। কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে আবার ফেরত এসেছি। আমি আসলে চরম ভাগ্যবান একজন মানুষ। সৃষ্টিকর্তা প্রতিবারই আমাকে বুঝিয়ে দিচ্ছেন আমি কতটা ভাগ্যবান! আমি সাধারণত আমার শারীরিক অসুস্থতার কথা জনসম্মুখে জানাতে চাইনি। কিন্তু এবার বেশ স্পষ্টভাবেই শেয়ার করেছিলাম, কারণ আমার আরো কিছু কথা বলার ছিল। আমি না ফেরত আসলে মানুষকে মিউজিক সিনের কিছু কথা জানাবার ছিল। যাই হোক, এখন আমি অনেকখানি সুস্থ। যা করার আমি করব ইনশাআল্লাহ...।’
সুমন যখন হাসপাতালের বিছানায় তখন তাঁর ভক্ত অনুরাগীদের অনেকেই তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। ভক্তদের এমন ভালোবাসা সুমনকে আরও বেশি কৃতজ্ঞ করেছে। তাঁদের উদ্দেশ্যে সুমন বললেন, আমার ধারণা আজকে আমার এই পর্যায়ে আসার পেছনে আরেকটা বড় কারণ হলো অসংখ্য মানুষের দোয়া। আমি দেখেছি আমার জন্য মানুষজন কী অসম্ভব ভাবে দোয়া করে। আমার ফেসবুকের ইনবক্সে যে পরিমাণ খুদেবার্তা জমা হয়েছে, তা পড়ে শেষ করাই মনে হচ্ছে যেন অসম্ভব! যাদের সঙ্গে জীবনে কোনদিন কথা হয় নি, তারাও ঠিকই হাসপাতাল খুঁজে বের করে আমাকে দেখতে গেছে! সংক্রমণের কারণে আগামী এক সপ্তাহ ঘরেই বন্দী থাকতে হবে। কিন্তু আমি আসছি! আশা করি আবার সবার সঙ্গে দেখা হবে।’