উচ্ছ্বসিত ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

‘ছোটবেলা থেকে অন্য ব্যান্ডের গানের পাশাপাশি মাইলস ব্যান্ডের গানও শুনেছি। আমাদের ছোটবেলায় ব্যান্ডের গানের একরকম জোয়ারই ছিল। ছোটবেলা থেকেই মাইলস আমার পছন্দের ব্যান্ড এবং শাফিন আহমেদ আমার পছন্দের শিল্পীদের একজন। তাঁর সঙ্গে কোনোদিন গান গাইব তা ছিল অনেকটা স্বপ্নের মতোই। কিন্তু তা আর স্বপ্ন থাকেনি। বাস্তবে রূপ পেয়েছে। চলচ্চিত্রের গানে সহশিল্পী হিসেবে পেয়েছি শাফিন আহমেদকে। আমি অনেক বেশি উচ্ছ্বসিত।’ বললেন সংগীতশিল্পী ন্যান্সি।
সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু ছবির গানে শাফিন আহমেদের সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। বেশ কিছুদিন আগে শাফিন আহমেদের কণ্ঠধারণের কাজ শেষ হলেও গতকাল শুক্রবার ন্যান্সির অংশের কণ্ঠ দেওয়ার কাজটি শেষ হয়েছে। শওকত আলী ইমনের সুরে তাঁরই স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
ন্যান্সি এ প্রসঙ্গে বলেন, ‘বহুদিন ধরেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছি। অনেক চমৎকার গান গাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু শাফিন আহমেদের সঙ্গে সহশিল্পী হিসেবে গাইতে পারার আনন্দটা একেবারেই অন্যরকম। আমার তো শুরুতে বিশ্বাসই হচ্ছিল না যে একই গানে কণ্ঠ দিচ্ছি আমরা।’