উত্তমের নতুন গানে সহশিল্পী কে?

উত্তমকুমার রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে উত্তমকুমার রায়ের নতুন মৌলিক গান ‘জাগো মা’। অতিমারি আবহে পূজামণ্ডপে এই গান গেয়েই সময়টাকে উদ্‌যাপন করতে চান শিল্পী। গানটি তাঁর নিজেরই লেখা, সুর ও সংগীতায়োজনও তাঁরই করা। বানিয়েছেন নিজের স্টুডিওতেই। শিল্পীর নিজের ইউটিউব চ্যানেল উত্তম মিউজিক স্টেশন থেকে মুক্তি পাচ্ছে ‘জাগো মা’।
উত্তমকুমার রায়ের আরও একটি গান এসেছে, টাইটেল ‘বৃষ্টি’। প্রেম ও বিরহের এই গানটির কথা লিখেছেন সুস্মিতা দেবনাথ।

দ্বৈত গানটিতে উত্তমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন একজন নবীন কণ্ঠশিল্পী। তাঁর নামটি প্রকাশ করেননি উত্তম, চমক হিসেবে রাখতে চান। একটি গান আজ অষ্টমীর দিন প্রকাশিত হয়েছে। দশমীর আগেই অন্য গানটি অনলাইনে মুক্তি পাবে।

উত্তমকুমার রায়

নতুন গান নিয়ে উত্তমকুমার বলেন, ‘গত বছর করোনা আবহেই উদ্‌যাপিত হয়েছিল শারদীয় দুর্গোৎসব। এবারও দূর হয়নি মহামারির কাঁটা। এমন পরিস্থিতিতে এই গানে সচেতনতার কথা বলা হয়েছে। দেশ তথা গোটা দুনিয়া সংক্রমণমুক্ত হোক, গানে গানে সে প্রার্থনাই করা হয়েছে। সেই সঙ্গে শাখ-বাদ্যি, কাঁসর ঘণ্টাজুড়ে গানটিকে উৎসবের আমেজও আনা হয়েছে।’

স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সবখানেই সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন উত্তমকুমার রায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে লেখাপড়া করে নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণিতে পাস করেন। এ ছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ করেছেন। উত্তম একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক।